সিরিয়ায় জেনারেলসহ ২১ সেনার পক্ষত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সেনাবাহিনী থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ২০ সেনা পক্ষ ত্যাগ করেছেন। গত শনিবার দুটি পৃথক ঘটনায় তাঁরা পক্ষ ত্যাগ করেন বলে সরকারবিরোধী আন্দোলনকারীরা দাবি করেছেন।পর্যবেক্ষকেরা বলছেন, এ ঘটনা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনীর শক্তি হারানোর আরেকটি নজির।সংবাদ চ্যানেল আল আরাবিয়াতে সম্প্রচারিত একটি ভিডিওচিত্রে দেখা যায়, সামরিক পোশাক পরা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালুফ বলছেন, কিছুদিন ধরেই তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন।এর কারণ হিসেবে তিনি বলেন, বিশেষ কোনো স্বার্থ না থাকলে সরকারের ধ্যানধারণা মেনে নেওয়া এখন আর কারও পক্ষে সম্ভব নয়।তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেনাদের এই পক্ষ ত্যাগের খবর সম্পর্কে কোনো তথ্য জানায়নি।এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, আরেকটি ঘটনায় সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুভূমি শহর পালমিরার কাছে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সিরীয় সেনাবাহিনীর একটি অবস্থান থেকে প্রায় ২০ জন সেনাসদস্য পালিয়ে যান। সংগঠনটি জানায়, ওই এলাকায় দুদিন ধরে চলা লড়াইয়ের একপর্যায়ে ওই সেনারা তাঁদের অবস্থান ত্যাগ করে শহরের নিকটবর্তী কৃষিক্ষেত্রের দিকে পালিয়ে যান। গত কয়েক মাসে সিরীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিবিদদের পক্ষ ত্যাগের ঘটনা কমে যায়। এরপর এ দুটি পক্ষ ত্যাগের ঘটনা ঘটল।ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) গত সপ্তাহে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দুই বছর আগে আসাদবিরোধী বিক্ষোভ শুরুর দিকে সরকারের তিন লাখের বেশি সেনা ছিল। কিন্তু ইতিমধ্যে অনেকে পক্ষ ত্যাগ করায় এই শক্তি অনেক কমে এসেছে। আরও কমতে থাকবে। ৫০ হাজার সেনা বাশারের খুবই অনুগত।অন্যদিকে বিদ্রোহীরা আলেপ্পো প্রদেশের খান তোমান গ্রামে কয়েক দিন লড়াই শেষে শনিবার কয়েকটি অস্ত্রের গুদাম দখলে নিয়েছে। সেনারা চার মাস ধরে বেশির ভাগ গোলাবারুদ সরিয়ে নেন। এর পরও গোলাবারুদের কিছুসংখ্যক বাক্স সেখানে রয়ে গেছে। গত দুই বছর সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ড্রোন হামলা চালাতে পারে সিআইএ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সিরিয়ার ইসলামি জঙ্গিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে সম্ভাব্য ড্রোন হামলা চালানোর জন্য তারা এসব তথ্য সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার খবরে এ কথা বলা হয়।সিআইএর সন্ত্রাসবাদ দমনকেন্দ্র সিরিয়ার ইসলামি জঙ্গিদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহে সম্প্রতি দেশটিতে বেশ কয়েকজন কর্মকর্তাকে পাঠিয়েছে বলে পত্রিকাটির খবরে বলা হয়। উল্ল্লেখ্য, সিআইএর এই সন্ত্রাসবাদ দমনকেন্দ্র পাকিস্তান ও ইয়েমেনে জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করে থাকে। এএফপি ও রয়টার্স।