সিরিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২৫
সিরিয়ার আলেপ্পো শহরে নিরাপত্তা বাহিনীর দুটি কেন্দ্রে গতকাল শুক্রবার গাড়িবোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।হোমস শহরে নতুন করে অভিযান চালিয়েছে সরকারি বাহিনী।সিরিয়ায় গত বছরের মার্চ থেকে সরকারবিরোধী বিক্ষোভ চললেও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো তুলনামূলকভাবে শান্ত ছিল।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে একটি সেনা গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে গতকাল প্রথম গাড়িবোমা হামলা চালানো হয়। দ্বিতীয় হামলা চালানো হয় শহরের নিরাপত্তাকর্মীদের একটি ঘাঁটির কাছাকাছি এলাকায়। ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ’ এই হামলা চালিয়েছে বলে খবরে দাবি করা হয়।সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ওই হামলার পর এ পর্যন্ত ২৫টি লাশ ও আহত ১৭৫ জনকে আলেপ্পোর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের মধ্যে সেনাসদস্যও রয়েছেন।টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত পাঁচতলাবিশিষ্ট ভবনের বাইরে রাস্তায় ছিন্নভিন্ন লাশ পড়ে আছে। রক্তে ভেসে গেছে রাস্তা। ভিডিও ফুটেজে কয়েক ব্যক্তির বীভৎস লাশ দেখানো হয়, বোমায় যাদের কারও মাথা, কারও পা উড়ে গেছে। এ সময় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক জানান, ১২ মাইল দূর থেকেও ওই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি বলেন, ‘আমরা এ ধরনের (বীভৎস) ছবি দেখানোর জন্য ক্ষমা চাইছি। তবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই এখানে চলছে।’টেলিভিশনটিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ব্যক্তি সিরিয়ায় বিদ্রোহ দমনে সরকারের পাশে না দাঁড়ানোর জন্য তুরস্ক ও কাতারকে অভিযুক্ত করেন। একজন চিৎকার করে বলেন, ‘এটাই কি হামাদ (কাতারের প্রধানমন্ত্রী) ও এরদোয়ানের (তুরস্কের প্রধানমন্ত্রী) স্বাধীনতার নমুনা?’ তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিমকে ‘কুত্তা’ বলে গালি দেন।টেলিভিশনে আলেপ্পোর দ্বিতীয় বোমা হামলাস্থলের একই ধরনের দৃশ্য দেখানো হয়। পরে বুলডোজারগুলোকে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে দেখা যায়।লন্ডনভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান প্রথমে ওই শহরে তিনটি বিস্ফোরণের কথা বললেও পরে জানান, মোট দুটি বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এ ছাড়া সেখানে গুলির শব্দও পাওয়া গেছে।এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ার হোমস শহরে বিস্ফোরণে শতাধিক লোক নিহত হয়। এ ছাড়া সরকারি বাহিনীর অভিযানে গত সপ্তাহে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোমসে আবাসিক এলাকাগুলোতে মর্টার ও রকেট ছোড়ার ঘটনাকে ‘ভয়ানক রক্তপাত’ হিসেবে বর্ণনা করেছেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।