সিরিয়ায় তীব্র লড়াই, ২৯ বিদ্রোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার আলেপ্পো শহরে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াইয়ে অন্তত ২৯ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন জানিয়েছে। শহরটির একটি গুরুত্বপূর্ণ পথ পুনরায় খুলতে বিদ্রোহীদের এক ব্যর্থ চেষ্টা চালানোর সময় গত বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল রোববার বলেছে, সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী ফেলাক আল-শামস ও আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্টের সদস্যরা নিহত হন। ‘ক্যাস্টেলো রোড’ খোলার চেষ্টা করলে ওই সংঘর্ষ বাধে। তবে সরকারি বাহিনী সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে রসদ সরবরাহের ক্ষেত্রে এটিই ছিল একমাত্র অবশিষ্ট পথ। ২০১২ সালের মাঝামাঝি থেকে এ শহরের নিয়ন্ত্রণ ভাগাভাগি করে বজায় রাখছে সরকারি বাহিনী ও বিদ্রোহীরা।