সিরিয়ায় ধ্বংসযজ্ঞ সর্বনাশা পর্যায়ে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতায় ক্রমবর্ধমান প্রাণহানির ঘটনাকে ‘অগণন’ হিসেবে বর্ণনা করে জাতিসংঘের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমি গত মঙ্গলবার বলেছেন, দেশটিতে ধ্বংসযজ্ঞ সর্বনাশা পর্যায়ে পৌঁছেছে। তাঁর ওই বক্তব্যের পরপরই গতকাল বুধবার আলেপ্পো শহরে নতুন করে ১৯ জনের প্রাণহানির খবর দিয়েছেন মানবাধিকার কর্মীরা।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার-বিষয়ক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল আলেপ্পো শহরের দক্ষিণ এলাকা বুস্তান আল-কাসরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেন সিরিয়ার সরকারি সেনারা। এ ঘটনায় সেখানে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। এ ছাড়া মারজেহ এবং হানানো এলাকা থেকে শিশুসহ নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা এই বাণিজ্যিক রাজধানীতে অবিরামভাবে গোলাবর্ষণ করা হচ্ছে। সেখানে খাদ্য-সংকট দেখা দিয়েছে।অন্যদিকে, বিদ্রোহীরা গতকাল ইরাক সীমান্তের কাছাকাছি দেইর এজর প্রদেশের আলবু কামাল শহরের একটি সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মানবাধিকার সংগঠনটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, হামদান বিমানবন্দরের সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিদ্রোহীরা বিমানবন্দরটির বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘর্ষে কমপক্ষে ছয় বিদ্রোহীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি গত মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বলেন, ‘প্রাণহানি অগণন পর্যায়ে চলে গেছে। ধ্বংসযজ্ঞ সর্বনাশা পর্যায়ে পৌঁছেছে। লোকজনের দুর্দশা চরম পর্যায়ে।’ তিনি কয়েক দিনের মধ্যে দামেস্ক সফরে যাওয়ার ঘোষণা দেন। ব্রাহিমি সতর্ক করে দিয়ে বলেন, দ্রুততার সঙ্গেই সিরিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। তাই সিরিয়ার বিষয়ে একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ এখন ‘আবশ্যক এবং অতি জরুরি’ হয়ে পড়েছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাঁর ভাষণে বলেন, সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের যারা অস্ত্র দিচ্ছে, তারা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। এতে সেখানে সংঘর্ষ আরও তীব্র হচ্ছে এবং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে বর্তমানে সিরিয়ার বড় অস্ত্র সরবরাহকারী হচ্ছে রাশিয়া। এ ছাড়া ইরান দেশটিকে অস্ত্র দেয় বলেও জাতিসংঘের কর্মকর্তাদের অভিযোগ। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অভিযোগ, সৌদি আরব, কাতার ও তুরস্ক সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে। অন্যদিকে, মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গতকাল সিরিয়ার সরকারের পদত্যাগে তাঁর আহ্বানের পুনরাবৃত্তি করেন। কায়রোতে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি বলেন, ‘আমি সিরিয়ার সরকারকে বলতে চাই, রক্তপাত বন্ধে এখনো সুযোগ রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে, সেটা হবে ভুল পদক্ষেপ।’ এ ছাড়া তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়াকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন। গতকাল আঙ্কারায় ক্ষমতাসীন একেপি দলের এক বৈঠকে তিনি বলেন, ‘দেশটি একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের কাছে সিরিয়া কোনো সাধারণ দেশ নয়।’ এএফপি।