সিরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দামেস্কের ভেতরে-বাইরে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল বুধবার একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। বিরোধীদের ব্যাপক বর্জনের মধ্য দিয়ে গত মাসে নির্বাচন অনুষ্ঠানের পর এ পদক্ষেপ নেওয়া হলো। অন্যদিকে রাজধানী দামেস্কের ভেতরে ও বাইরে বড় ধরনের আক্রমণ শুরু করেছে সশস্ত্র বিদ্রোহীরা।সিরিয়ার হোমস প্রদেশের হুলা শহরে নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি গণহত্যার শিকার হওয়ার ঘটনায় সরকারের কোনো হাত থাকার খবর প্রেসিডেন্ট আসাদ নাকচ করে দেওয়ার এক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট বাশার দেশটির কৃষিমন্ত্রী রিয়াদ হিজাবকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আসাদ রিয়াদ হিজাবকে একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়ে একটি আদেশ জারি করেছেন।গত ৭ মে সিরিয়ার নতুন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই নির্বাচন বর্জন করে বিরোধী গ্রুপগুলো। যুক্তরাষ্ট্র ওই নির্বাচনকে ‘প্রহসনমূলক’ বলে প্রত্যাখ্যান করে।হিজাব প্রধানমন্ত্রী হিসেবে আদেল সাফারের স্থলাভিষিক্ত হলেন। সাফার গত বছরের এপ্রিল মাসে তাঁর সরকার গঠন করেন। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হওয়ার এক মাস পর ওই সরকার গঠন করা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাবে, দেশটিতে গত মার্চে শুরু হওয়া গণ-আন্দোলন সরকার শক্ত হাতে দমন শুরুর পর থেকে এ পর্যন্ত সহিংসতায় সাড়ে ১৩ হাজার ব্যক্তি প্রাণ হারিয়েছে।জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনান সিরিয়ায় সহিংসতা বন্ধে একটি পরিকল্পনার বিষয়ে দেশটির সরকার ও বিরোধী উভয় পক্ষকে রাজি করাতে সক্ষম হলেও কার্যত সেখানে রক্তপাত বন্ধ হয়নি। ওই পরিকল্পনার আওতায় দেশটিতে গত ১২ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা দেখভাল করতে বর্তমানে সেখানে প্রায় ৩০০ পর্যবেক্ষক মোতায়েন রয়েছেন। তবে বাস্তবে প্রতিদিনই সেখানে ওই যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে।সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা গত মঙ্গলবার দিবাগত রাতে দামেস্কের ভেতরে ও বাইরে আক্রমণ চালিয়েছে। দামেস্কের উত্তরাঞ্চলীয় হারাস্তা এলাকায় এবং দুমা, ইরবিন ও জামালকা এলাকার নিরাপত্তা চৌকিতে এবং সরকারি একটি গোয়েন্দা দপ্তরের বাইরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তবে এসব সংঘর্ষে হতাহতের খবর তাৎক্ষণিকভাবে দিতে পারেনি তারা।ক্ষমতা ছাড়তে পারেন আসাদ: রাশিয়ারাশিয়া গত মঙ্গলবার বলেছে, রক্তপাত বন্ধের মীমাংসার অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা ছাড়তে পারেন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী গেনেদি গাতিলভ বলেন, ‘আমরা কখনোই বলিনি বা ইঙ্গিত দিইনি যে, রাজনৈতিক প্রক্রিয়া শেষেও আসাদকে ক্ষমতায় রাখতে হবে।’রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ বেইজিংয়ে চীনা নেতাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বুধবার বলেন, রাশিয়া ও চীন বিশেষ দূত কফি আনানের পরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে। তিনি সহিংসকবলিত সিরিয়ার বিষয়ে একটি আন্তর্জাতিক বৈঠকেরও আহ্বান জানান। এএফপি।