সহিংসতা ও বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে গতকাল রোববার সিরিয়ায় নতুন সংবিধানের ওপর ‘তথাকথিত’ গণভোট অনুষ্ঠিত হয়েছে। নতুন সংবিধান সিরিয়ায় বিগত পাঁচ দশক ধরে চলমান একদলীয় শাসনের অবসান ঘটাতে পারে।এদিকে গত শনিবার ও গতকাল রোববার সিরিয়ার বিভিন্ন এলাকায় সহিংসতায় আরও ১০০ জনের বেশি লোক নিহত হয়েছে। এ ছাড়া গতকাল নির্বাচনের আগমুহূর্তে হোমস, হামা, দেইর আল-জোর, দেরাসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর দিয়েছেন মানবাধিকারকর্মীরা।প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর প্রতিশ্রুত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে চলতি মাসের শুরুতে নতুন সংবিধানের জন্য গণভোটের পরিকল্পনা প্রকাশ করেন। সংবিধানের খসড়া প্রণয়ন করেছে আসাদের নিয়োগকৃত ২৯ সদস্যের একটি কমিটি। এতে আগের সংবিধানের বিতর্কিত আট নম্বর অনুচ্ছেদটি বাদ দেওয়া হতে পারে। ওই অনুচ্ছেদের বলেই আসাদের বাথ পার্টি একাধারে রাষ্ট্র ও সমাজের প্রধান। সেটি বাদ দেওয়া হলে ১৯৯৩ সাল থেকে চলে আসা একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় রাজনীতির দ্বার উন্মোচিত হবে। ১৯৯৩ সালে সংঘটিত অভ্যুথান আসাদের প্রয়াত বাবা হাফিজকে সিরিয়ার ক্ষমতায় বসিয়েছিল।এ ছাড়া নতুন সংবিধানের আওতায় তিন মাসের মধ্যে বহুদলীয় অংশগ্রহণে পার্লামেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে।সিরিয়ার ভোটারসংখ্যা এক কোটি ৪০ লাখের বেশি। সারা দেশে ১৩ হাজার ৮৩৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। স্থানীয় সময় গতকাল সকাল সাতটায় শুরু হয়ে একটানা ১২ ঘণ্টা চলে এ ভোট গ্রহণ।তবে এ গণভোট বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। দেশের অধিকাংশ এলাকাতেই বিক্ষোভ দমনে সরকারি নিরাপত্তাকর্মীদের অভিযান এবং আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের গেরিলা আক্রমণের মধ্যে অনুষ্ঠিত এ গণভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারবিরোধীরা আগেই এ গণভোট বর্জনের ঘোষণা দেয়। তারা এ ‘প্রহসনমূলক’ গণভোটকে প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট আসাদকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।হোমসের আন্দোলনকর্মী মোহাম্মদ আল-হোমসি বলেন, তারা (সরকার) জোরপূর্বক লোকজনকে ‘তথাকথিত’ গণভোটে অংশ নিতে বাধ্য করতে চায়।বাবে আমর এলাকার আন্দোলনকর্মী ওমর গত শনিবার বলেন, প্রেসিডেন্ট আসাদের স্বার্থেই নতুন সংবিধান প্রণয়ন করা হচ্ছে। তাই কেউ ভোট দিতে যাবে না।যুক্তরাষ্ট্র বলেছে, এ গণভোট ‘হাস্যকর’। এ ছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভতগলু প্রশ্ন তুলে বলেছেন, একদিকে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে বেসামরিক এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ চলছে। এ অবস্থায় জনগণ ভোটকেন্দ্রে যেতে পারে না।এদিকে মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শনিবার সিরিয়ার বিভিন্ন এলাকায় সহিংস ঘটনায় মারা গেছে ১০০ জনের বেশি লোক। এর মধ্যে রয়েছে ছয়জন নারী ও ১০টি শিশু। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গণভোটের দিন গতকালও নিহত হয় কমপক্ষে দুজন।ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) জানিয়েছে, তারা বাবে আমর এলাকার আটকে পড়া বেসামরিক লোকদের সরিয়ে নিতে পারছে না। সরকার ও বিরোধী পক্ষের সঙ্গে দুই দিন ধরে আলোচনার পর সংস্থাটি বলেছে, উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তবে রোববারের মধ্যেই তারা বাবে আমর এলাকায় প্রবেশ করে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেছে রেডক্রস। এএফপি, রয়টার্স ও বিবিসি।