সিরিয়ায় নতুন সরকার গঠনে আসাদের আদেশ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল শনিবার নতুন সরকার গঠনে একটি আদেশ (ডিক্রি) জারি করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের দুই মাসের কম সময়ের মাথায় এ ঘোষণা দেওয়া হলো। ওই নির্বাচন বর্জন করেছিল বিরোধীরা।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘প্রধানমন্ত্রী রিয়াদ হিজাবের অধীনে একটি নতুন সরকার গঠনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ডিক্রি জারি করেছেন।’ খবরে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম স্বপদে বহাল থাকবেন। প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রীও স্বপদে থাকবেন।প্রেসিডেন্টের এই আদেশে বেশ কয়েকজন নতুন মন্ত্রীরও নাম ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ বাণিজ্য ও ভোক্তা রক্ষা, বিদেশ অর্থনীতি ও বাণিজ্য এবং গৃহায়ণ ও নির্মাণ উন্নয়নসহ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ এসেছে।এর আগে সিরিয়ার কৃষিমন্ত্রীর দায়িত্ব পালনকারী হিজাব দেশে চলমান সহিংসতার ভেতরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, গতকাল দেশজুড়ে সহিংসতায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। আগের দিন শুক্রবার নিহত হয়েছে ১১৬ জন, যাদের মধ্যে ৬৯ জনই বেসামরিক লোক। এএফপি।