সিরিয়ায় নিরপেক্ষ পর্যবেক্ষকদের অনুমতি দিতে বিশ্বনেতাদের চাপ
সিরিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্বনেতারা দেশটি সফরে নিরপেক্ষ পর্যবেক্ষকদের অনুমতি দিতে দেশটির কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে যাচ্ছেন। সৌদি আরবের একজন জ্যেষ্ঠ প্রিন্স বলেছেন, আরব রাষ্ট্রগুলো সিরিয়ায় নৃশংসতা চলতে দেবে না। এদিকে গত শুক্রবার ও শনিবার নিরাপত্তাকর্মীদের হাতে আরও ৪২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানায়, শুক্রবার এক দিনেই হোমসসহ দেশটির কয়েকটি এলাকায় নিরাপত্তাকর্মীদের হাতে কমপক্ষে ৪১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু। এ ছাড়া গতকাল শনিবার আরও একজন নিহত হয়েছে। গতকাল ছিল বিশ্ব মানবাধিকার দিবস। সিরিয়ান রেভ্যুলেশন ২০১১ ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, বিশ্ব যখন মানবাধিকার দিবস পালন করছে, তখন সিরিয়ায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাশার-আল আসাদের সরকার বিক্ষোভের কেন্দ্রবিন্দু হোমসে নতুন করে হত্যাযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে সৌদি আরবের জ্যেষ্ঠ প্রিন্স ও সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল-ফয়সাল বলেছেন, আরব লীগের সদস্য রাষ্ট্রগুলো সিরিয়ায় নৃশংসতা চলতে দেবে না। এএফপি ও রয়টার্স।