সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬০ জন নিহত
সংঘাত-বিক্ষুব্ধ সিরিয়ার হোমস শহরে গতকাল শনিবার বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ২৬০ জন নিহত হয়েছে। সিরিয়ায় গত মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। সিরিয়ার সরকার হোমস শহরে গতকালের অভিযান চালানোর কথা অস্বীকার করে এ জন্য ‘সশস্ত্র বন্দুকধারীদের’ দায়ী করেছে।এদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের দমন-পীড়নের নিন্দা এবং তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়ে আরব লিগের প্রস্তাবে সমর্থন দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬০ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর গত রাতে পরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হয়।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোমস শহরে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আসাদকে অবশ্যই হত্যা অভিযান ও নিজের জনগণের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে হবে। তাঁকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করে দিতে হবে।’প্রেসিডেন্ট বাশারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) এক বিবৃতিতে জানায়, গতকাল সকালে হোমস শহরে বড় ধরনের অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। হোমস, খালদিয়েহ ও কুসুরে তারা বিভিন্ন আবাসিক এলাকায় মুহুর্মুহু বোমা হামলা চালায়। এতে কমপক্ষে ২৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় শত শত। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, প্রেসিডেন্ট বাশারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এত বড় হত্যাকাণ্ডের ঘটনা এটাই প্রথম।আল-জাজিরা ও আল-আরাবিয়া টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে বেশ কিছু মরদেহ ও হামলার ফলে বিধ্বস্ত স্থাপনা দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানায়, বোমা হামলায় এই এলাকা ‘রক্তাক্ত’ হয়েছে। একজন বাসিন্দা ৩৬৬টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি করেন।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘এটা সত্যিকার অর্থে নির্বিচার নৃশংসতা।’ এই হত্যাকাণ্ড বন্ধে যত দ্রুত সম্ভব সিরিয়ায় আরব লিগের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।গতকাল নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যর মধ্যে ১৩ সদস্যই উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু স্থায়ী সদস্যরাষ্ট্র চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় এ প্রস্তাব নাকচ হয়ে যায়। যুক্তরাজ্যের জাতিসংঘ মিশন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ভেটোকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেয়। জাতিসংঘে নিযুক্ত মরক্কোর দূত মোহাম্মদ লৌলিস্কি বলেন, ‘ভেটো দেওয়ার ঘটনায় আমরা মর্মাহত।’বিভিন্ন দেশে সিরিয়ার দূতাবাসে হামলা: এদিকে শনিবার হোমস শহরে অভিযানের প্রতিবাদে কায়রোতে সিরীয় দূতাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ক্ষুব্ধ প্রবাসী সিরীয় নাগরিকেরা দূতাবাসের ভেতরের আসবাব ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক সপ্তাহের মধ্যে এই দূতাবাসে এটা দ্বিতীয় হামলার ঘটনা। এ ছাড়া লন্ডন, এথেন্স, কুয়েত ও বার্লিনে সিরিয়ার দূতাবাসে হামলা চালানোর পাশাপাশি বিক্ষোভ করেছে সিরিয়ার প্রবাসী নাগরিকেরা।লন্ডনে অন্তত ১৫০ জন সিরীয় নাগরিক সিরিয়ার দূতাবাসে হামলা চালায়। স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র জানান, দূতাবাসের সামনে বিক্ষোভ করার সময় পাঁচজন বিক্ষোভকারী ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।সিরিয়ায় গত মার্চ থেকে প্রেসিডেন্ট বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। বাশার সরকারও তা কঠোরভাবে দমনের নীতি নেয়। দেশটির বিরোধী জোট এসএনসির দাবি, সরকারের দমন-পীড়নে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। এএফপি, রয়টার্স, বিবিসি।