সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬৩ বিক্ষোভকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে কমপক্ষে ৬৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থা সাওয়াসিয়াহ গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।গত শুক্রবার জুমার নামাজের পর সিরিয়াজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে ওই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু মানুষ আহতও হয়েছে। ১১ সপ্তাহ আগে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এর পর থেকে গত শুক্রবারের ঘটনা ছিল সবচেয়ে রক্তক্ষয়ী।সাওয়াসিয়াহ জানায়, বিক্ষোভের সময় হামা শহরে ৫৩ জন, দামেস্কে একজন এবং ইদলিব প্রদেশে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ছাড়া সিরিয়ার মধ্যাঞ্চলীয় রাস্তান শহরে আরও সাত বিক্ষোভকারী নিহত হয়েছে।হামা শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। হামার এক বাসিন্দা জানান, ভবনের ছাদ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় আসি স্কয়ার ও আশপাশের সড়কে অনেক মানুষ লুটিয়ে পড়ে। রয়টার্স।