সিরিয়ায় নিহতের সংখ্যা সাড়ে সাত হাজার পেরিয়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাড়ে সাত হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় সিরিয়ায় বেসামরিক লোকদের প্রাণহানির নতুন এ তথ্য জানানো হয়েছে।নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘের রাজনৈতিক বিষয়সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল লিন প্যাচকো জানিয়েছেন, সিরিয়ায় প্রতিদিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয় বলে তাঁদের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে। আর গত বছরের মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর অভিযানে সাড়ে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। লিন প্যাচকো বলেন, ‘সেখানে মোট সাড়ে সাত হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।’তবে সিরিয়ার সরকার দাবি করেছে, গত বছরের মার্চ থেকে শুরু হওয়া ‘সশস্ত্র সন্ত্রাসী’ তৎপরতায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক হাজার ৩৪৫ জন সদস্য নিহত হয়েছে। আর তাদের হিসাবে, এ সময় দুই হাজার ৪৯৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।এদিকে গত মঙ্গলবারও সিরিয়ার বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সানডে টাইমস-এর আহত ফটোসাংবাদিক পল কনরয় সিরিয়া থেকে পালিয়ে লেবানন গেছেন। তবে সিরিয়ায় অবস্থানরত আরও বেশ কয়েকজন বিদেশি সাংবাদিকের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি। এদিকে সিরিয়ায় চলমান হত্যাযজ্ঞের প্রতি ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন করে যুদ্ধাপরাধীর সংজ্ঞা নির্ধারণ করেছেন। তিনি জানিয়েছেন, সিরিয়ার নেতাকে যুদ্ধাপরাধী ঘোষণা করতে মার্কিন সিনেটে একটি শুনানি বিতর্কের আয়োজন করা হবে। বিবিসি।