সিরিয়ায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী লড়াইয়ে ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গত বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এদিকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের তাফতানাজ বিমানঘাঁটি দখলের জন্য বিদ্রোহীরা প্রেসিডেন্টের অনুগত বাহিনীর সঙ্গে জোর লড়াই চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবারও উভয় স্থানে লড়াই হয়েছে।প্রেসিডেন্ট বাশারের অনুগত সেনাদের যুদ্ধবিমান থেকে রাজধানী দামেস্কের একটি পেট্রলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর জাতিসংঘ ওই প্রতিবেদন প্রকাশ করে। ওই হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান নাভি পিল্লাইয়ের তত্ত্বাবধানে প্রকাশিত ওই প্রতিবেদনে সাতটি সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে। এতে দেখা গেছে, ২০১২ সালের নভেম্বর পর্যন্ত ৫৯ হাজার ৬৪৮ জন নিহত হয়েছে। ‘প্রিলিমিনারি স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস অব ডকুমেন্টেশন অব কিলিং ইন সিরিয়া’ শিরোনামে জাতিসংঘের ওই প্রতিবেদনে সরকারি ও বিরোধী দলগুলোর সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে।২০১২ সালের মার্চ পর্যন্ত সরকারি হিসাবে দুই হাজার ৫৩৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। সিরিয়ার বিরোধী দলগুলোর আগের এক তথ্যে ৪৫ হাজার লোক নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়।নিহত ব্যক্তিদের মধ্যে কতজন বিদ্রোহী, কতজন সেনাসদস্য বা বেসামরিক লোক রয়েছে, তা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৬ শতাংশই পুরুষ। সিরিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো দামেস্কের প্রত্যন্ত এলাকা ও হোমস প্রদেশ। নাভি পিল্লাই বলেন, ‘নিহত ব্যক্তিদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম, এর চেয়েও নিহত ব্যক্তির সংখ্যা অনেক বেশি। এটি সত্যিই মর্মান্তিক।’যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বলেছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর দখলের জন্য বিদ্রোহীরা প্রেসিডেন্টের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে। সেই সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের তাফতানাজ বিমানঘাঁটি দখলের জন্য শত শত বিদ্রোহী লড়াই করেছে। তাদের সঙ্গে ইসলামী বিদ্রোহী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট ও আশরার আল-শ্যামও রয়েছে। বুধবার লড়াই শুরু করে বিদ্রোহীরা। তবে সেনাদের প্রতিরোধের মুখে কিছুটা পিছু হটে। পরে আবার এগিয়ে যায়। অন্যদিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজ্জর সামরিক বিমানঘাঁটির কাছে গতকাল সেনাদের সঙ্গে লড়াইয়ে অন্তত তিনজন বিদ্রোহী নিহত হয়েছে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে দারায়া এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে। দামেস্ক বিমানবন্দরের কাছে বেইত সাহাম এলাকায় এবং মালিহা শহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। বুধবার একই শহরের একটি পেট্রলপাম্পে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। এএফপি ও বিবিসি।