সিরিয়ায় নৌ-ঘাঁটি বানাবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল ইস্তাম্বুলে l এএফপি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল ইস্তাম্বুলে l এএফপি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তারতুস বন্দরে স্থায়ী নৌ-ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া। রুশ সিনেটে দেওয়া এক বক্তব্যে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী নিকোলে পানকভ এই তথ্য জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফরের সময় রাশিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো।
সিরিয়াযুদ্ধে রাশিয়া নিজেদের সামরিক কার্যক্রম যে আরও বিস্তৃত করতে যাচ্ছে রুশ এই প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য থেকে তা স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৫ সাল থেকে রুশ সামরিক বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অঞ্চলে মার্কিন কর্তৃপক্ষ আসাদবিরোধীদের সামরিক সহযোগিতা দিচ্ছে।
গত সপ্তাহে মাটি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য এস-৩০০ ক্ষেপণাস্ত্র তারতুস বন্দরে মোতায়েন করেছে রাশিয়া।
দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী রুশ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করেন। সিনেটে তিনি বলেন, ‘তারতুসে স্থায়ী ঘাঁটি আমরা বানাবোই। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সবগুলো সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর ঘাঁটি নির্মাণ নিয়ে কাজ শুরু হবে।’
রুশ সিনেটর অ্যাইগর মোরোজভ দেশটির বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, এ সিদ্ধান্তের ফলে রাশিয়া ভূমধ্যসাগরে আরও বেশি জাহাজ পাঠাতে পারবে। কেননা, ওই ঘাঁটিতে জাহাজের জন্য প্রয়োজনীয় জ্বালানিসহ অন্যান্য সরবরাহ থাকবে।
সিরিয়ার লাতাকিয়া প্রদেশের একটি স্থায়ী রুশ বিমান ঘাঁটি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।
তুরস্কে পুতিন: এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ক সফরে গিয়েছেন। গত বছর রুশ বিমান ভূপাতিত করার পর তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। এরপর গত জুলাই মাসে তুরস্কের সামরিক অভ্যুত্থান-চেষ্টার সময় পুতিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেওয়ার পর দুই দেশের সম্পর্ক আবার উষ্ণ হতে শুরু করে। এর মধ্যেই তুরস্ক সফর করছেন পুতিন।
এক দিনের এই সফরে এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জ্বালানি-সংক্রান্ত একটি বৈশ্বিক সম্মেলনে যোগ দেন পুতিন।
সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এর আগে দুবার বৈঠক করেছেন পুতিন ও এরদোয়ান। চীনে ২০টি উন্নত দেশের সম্মেলনের সময় এবং অভ্যুত্থান চেষ্টার পর রাশিয়ায় এই দুই নেতার মধ্যে বৈঠক হয়েছিল।
এদিকে লিথুনিয়া ও পোল্যান্ডের মাঝে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিটমহল কালিনিনগ্রাদে পারমাণবিক অস্ত্র বহনকারী মিসাইল স্থাপনে রুশ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিতোল্ড ভাসচিকাওয়াস্কি। তিনি বলেন, ওই অঞ্চলে সামরিক জোট ন্যাটোর কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পারমাণবিক অস্ত্র পরিবহনকারী ইস্কান্দার ক্ষেপণাস্ত্র স্থাপনের যে পদক্ষেপ রাশিয়া নিচ্ছে তা ঠিক নয়।
গত শনিবার রাশিয়া ওই ক্ষেপণাস্ত্র কালিনিনগ্রাদে পাঠায়। অবশ্য রুশ প্রতিরক্ষামন্ত্রী বলছেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ।