সিরিয়ায় পর্যবেক্ষক দল পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় অস্ত্রবিরতি কতটা কার্যকর হয়েছে, তা পর্যবেক্ষণে অগ্রবর্তী পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা নিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে খসড়া প্রস্তাবের ওপর গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা।এদিকে গতকাল তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এক দিন আগে বৃহস্পতিবার জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের সমর্থিত অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর সিরিয়ায় এটাই প্রথম সংঘর্ষের ঘটনা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রাহমান জানান, সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের হটাতে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পর ওই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দৃশ্যত সংঘর্ষ থেমে গেছে। তৃণমূল পর্যায়ের লোকাল কো-অর্ডিনেশন কমিটি বলেছে, তুরস্কের সীমান্তবর্তী খেরবেত জজ গ্রামে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গ্রামের প্রান্ত ঘেঁষে বেশ কিছু ট্যাংক মোতায়েন করা হয়েছে। আবদুল রাহমান বলেন, জাতিসংঘ-সমর্থিত কফি আনানের অস্ত্রবিরতি সিরিয়ার অধিকাংশ স্থানে কার্যকর হয়েছে। তবে কফি আনানের আহ্বানে সিরিয়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, অস্ত্রবিরতির ঘোষণার প্রতি বাশার যথেষ্ট আন্তরিক বলে তিনি বিশ্বাস করেন না। সিরিয়ার পরিস্থিতি নজরদারির জন্য দেশটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানো উচিত বলে তিনি মনে করেন। বিবিসি ও রয়টার্স।