সিরিয়ায় পর্যবেক্ষক মিশন পাঠানোর অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জাতিসংঘের ৩০০ সদস্যের নিরস্ত্র পর্যবেক্ষক মিশন পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিরাপত্তা পরিষদ। প্রস্তাবটি পাসের জন্য শনিবার পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সিরীয় সরকার ও বিদ্রোহীরা সম্প্রতি যুদ্ধবিরতি পালনের যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি কার্যকর হচ্ছে কি না, তা তদারক করতেই এ মিশন পাঠানোর প্রস্তাব করা হয়। তবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এই মিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিতে পারে। প্রায় ভেঙে পড়া যুদ্ধবিরতি তদারকিতে জাতিসংঘ পর্যবেক্ষকদের অগ্রবর্তী দল এরই মধ্যে সহিংসতাপ্রবণ সিরিয়ার হোমস প্রদেশে পৌঁছেছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পর্যবেক্ষক দলটি আসার মধ্যেই দেশজুড়ে চলা সর্বশেষ সহিংসতায় দুই বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ায় নতুন পর্যবেক্ষক দল পাঠানো নিরাপদ হবে বলে চূড়ান্ত মত দেওয়ার পরই কেবল জাতিসংঘের ২০৪৩ নম্বর সনদের আওতায় প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য (নিরস্ত্র) সামরিক পর্যবেক্ষকদের পাঠানো হবে। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকারকর্মীরা জানান, সরকার সমর্থক ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে রাজধানী দামেস্কে সরকারি বাহিনী ও পক্ষত্যাগী সেনাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। ১২ এপ্রিল থেকে ভঙ্গুর ওই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সিরিয়ায় এ পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পর্যবেক্ষক মিশন পাঠানোর নতুন ওই প্রস্তাবের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ রাশিয়ার জাতিসংঘ দূত ভিতালি চুরকিন নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘সিরিয়ায় চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়ার অগ্রগতিতে এই প্রস্তাব মৌলিক ভূমিকা রাখবে।’ যদিও যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, তিন মাস পর পর্যবেক্ষক মিশনের মেয়াদ নতুন করে বৃদ্ধির যেকোনো পদক্ষেপ সে প্রতিহত করতে পারে। বিশ্লেষকেরা বলছেন, সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই যখন বেড়ে চলছে, ঠিক তখন যুক্তরাষ্ট্র এ হুঁশিয়ারি দিল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সুসান রাইস বলেন, নিরস্ত্র পর্যবেক্ষক মিশন পাঠানোর আগে সিরিয়া পরিস্থিতি নিয়ে মহাসচিব বান কি মুনকে অবশ্যই ‘সতর্ক মূল্যায়ন’ করতে হবে। নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণের পর তিনি বলেন, ‘আমাদের ধৈর্য শেষ হয়ে গেছে। ৯০ দিন পর যুক্তরাষ্ট্র ওই মিশনের মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দেবে—কারও এমনটি মনে করা ঠিক হবে না।’ কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকেরাও সিরিয়ায় পর্যবেক্ষক দল পাঠানোর বিপদ সম্পর্কে গুরুত্বারোপ করেন। জাতিসংঘে ব্রিটেনের দূত মার্ক লিয়াল গ্র্যান্ট বলেন, ‘বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে জাতিসংঘের নিরস্ত্রকর্মীদের মোতায়েন করা হবে একেবারেই বিরল পদক্ষেপ।’প্রস্তাব পাসের পর জাতিসংঘ ও সিরিয়ার মধ্যে মধ্যস্থতাকারী কফি আনান যুদ্ধবিরতি তদারকিতে আরও ৩০০ পর্যবেক্ষক মোতায়েনের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে দামেস্কে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন। ভোটগ্রহণের পর রাশিয়া সিরিয়ার সব বিবদমান গোষ্ঠীর প্রতি লড়াই বন্ধ করে পর্যবেক্ষক দলকে সহায়তার আহ্বান জানিয়েছে। বিদ্রোহীদের সমর্থক ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’ ও ‘ফ্রি সিরিয়ান আর্মি’ নতুন প্রস্তাব পাসকে স্বাগত জানিয়েছে। এএফপি।