সিরিয়ায় আরব লিগের বহুল আলোচিত পর্যবেক্ষক মিশন গতকাল শনিবার স্থগিত করা হয়েছে। সিরিয়ায় সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ। এর পরও সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল হুমকি দিয়েছেন, সব দুষ্কৃতকারী দেশ থেকে তাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।সিরিয়া সরকারের বিরুদ্ধে আনা খসড়া প্রস্তাব বিবেচনার জন্য গত শুক্রবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। এ সপ্তাহে সিরিয়ায় সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা এবং আরব লিগ দেশটির ওপর কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘকে আহ্বান জানায়।আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি বলেন, সিরিয়ায় সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে পর্যবেক্ষক মিশন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের লক্ষ্যে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর সিরিয়ায় ওই পর্যবেক্ষক মিশন পাঠায় আরব লিগ।নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-শার বলেন, ‘বিশ্বাসঘাতক ও দুষ্কৃতকারীদের তাড়িয়ে দেশে নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই চালাতে অঙ্গীকারবদ্ধ নিরাপত্তা বাহিনী।’একজন প্রতিনিধির কাছে ক্ষমতা ছেড়ে দিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আরব লিগের আহ্বানের সমর্থনে আরব রাষ্ট্রগুলোসহ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি একটি খসড়া প্রস্তাব তৈরি করে। তবে আসাদের মিত্র রাশিয়া বলেছে, তারা ওই প্রস্তাবে সমর্থন দেবে না।নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে রাশিয়ার দূত ভিতালি চুরকিন সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। তবে মস্কো পরবর্তী আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘প্রস্তাবে সিরিয়ার ওপর কোনো ধরনের অবরোধ এবং অস্ত্র-বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত নয়—রাশিয়া এমন একটি সীমারেখা বেঁধে দিয়েছে। খসড়া প্রস্তাবটি আমাদের সীমারেখাকে শুধু অবজ্ঞাই করেনি, সেখানে আরও নতুন কিছু যুক্ত করা হয়েছে, যা আমাদের নীতি অনুযায়ী গ্রহণযোগ্য নয়।’ শুক্রবার নিরাপত্তা পরিষদের উত্থাপিত প্রস্তাবে বলা হয়, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ওই প্রতিনিধি দুই মাসের মধ্যে বিরোধী দলগুলো নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করবেন। এ আহ্বানে সাড়া না দিলে সিরিয়া সরকারের ওপর আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় খসড়ায়। নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাবটি উত্থাপন করে মরক্কো। আগামী সপ্তাহের আগে প্রস্তাবটির ওপর ভোট নেওয়া হবে না। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্টারভেলে বলেন, শেষ পর্যন্ত এখন নিরাপত্তা পরিষদে সিরিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থান নেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। সিরিয়ার বিক্ষোভকারীরা বলছে, দেশটিতে গত দুই দিনে ১৩৫ জন নিহত হয়েছে। বিবিসি, রয়টার্স।