সিরিয়ায় পর্যবেক্ষক মিশনের কার্যক্রম শুরু, সেনা ও বিদ্রোহীর তুমুল লড়াই
অস্ত্রবিরতি পর্যবেক্ষণে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রথম দল সিরিয়ায় কার্যক্রম শুরুর কয়েক ঘণ্টার মাথায় গতকাল সোমবার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। ফলে রক্তপাত বন্ধে জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।মানবাধিকারকর্মীরা জানান, গতকালও সরকারি নিরাপত্তাকর্মীরা দুজন বেসামরিক লোককে হত্যা করেছে। এই নিয়ে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত কমপক্ষে ৪১ জন নিহত হলো। জাতিসংঘ-সমর্থিত ওই অস্ত্রবিরতি গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে কার্যকর হয়। অস্ত্রবিরতি যাতে ভেঙে না পড়ে, তা নিশ্চিত করতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘপ্রধান বান কি মুন। সিরিয়ায় ৩০ জন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত শনিবার সর্বসম্মতভাবে পাস হয়। এর পরই ছয় সদস্যের একটি আগাম পর্যবেক্ষক দল দামেস্কের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ে। জাতিসংঘের শান্তিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র জানান, আগাম দলটি গত রোববার রাতে দামেস্ক পৌঁছায়। গতকাল রাতে আরও কয়েকজনের পৌঁছানোর কথা। চলতি সপ্তাহের মধ্যেই অন্যরা পৌঁছাবেন।পর্যবেক্ষকেরা সিরিয়ায় একটি সদর দপ্তর স্থাপন করবেন এবং উভয় পক্ষ শত্রুতা পরিহার করছে কি না, তা যাচাই করার স্বার্থে একটি কার্যসূচি ঠিক করবেন। মাঠপর্যায়ে কাজ শুরু করার আগে পর্যবেক্ষকেরা সরকার ও বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করবেন। কফি আনানের যে ছয় দফা শান্তি পরিকল্পনায় প্রেসিডেন্ট আসাদের সরকার সম্মত হয়েছিল, এই পর্যবেক্ষক মিশন তার একটি। কফি আনান সিরিয়ায় দুই শতাধিক পর্যবেক্ষক মোতায়েনের পক্ষে। তবে নিরাপত্তা পরিষদ বলেছে, পুরোপুরিভাবে সহিংসতা বন্ধ হলেই কেবল পূর্ণাঙ্গ মিশন পাঠানো যেতে পারে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, জাতিসংঘের পর্যবেক্ষক মিশনকে সরকার ‘স্বাগত’ জানায় এবং সরকার আশা করছে, ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ যে ‘অপরাধ’ সংঘটন করছে, তা পর্যবেক্ষকেরা প্রত্যক্ষ করবেন।এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা গতকাল হামা শহরে দুজন বেসামরিক লোককে হত্যা করে। ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিম এলাকায় সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ছাড়া সরকারি নিরাপত্তাকর্মীরা হোমস শহরে বিরামহীনভাবে ট্যাংকের গোলা, রকেট ও মেশিনগানের গুলি চালিয়েছে।তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, বিদ্রোহীরা সরকারি নিরাপত্তাকর্মীদের ওপর হামলা জোরদার করেছে। এএফপি, বিবিসি।