সিরিয়ায় পাল্টা হামলা তুরস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার মর্টার হামলার জবাবে তুরস্কের সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার পাল্টা হামলা চালিয়েছে। এতে কয়েকজন সিরীয় সেনা নিহত হয়েছেন। মানবাধিকার কর্মী ও নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। এদিকে সিরীয় হামলার জবাবে দামেস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছে তুরস্ক। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযান নিয়ে সরকারি সিদ্ধান্তের ওপর ভোটাভুটির জন্য তুরস্কের আইনপ্রণেতারা গতকাল জরুরি পার্লামেন্ট অধিবেশনে বসেন।তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেছেন, তুর্কি ভূখণ্ডের বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর আক্রমণাত্মক কর্মকাণ্ড তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধে তুরস্কের কোনো স্বার্থ নেই। কিন্তু তুরস্ক তার সীমানা রক্ষায় সক্ষম। প্রয়োজনে পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত। তবে তিনি বলেন, একই সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপও অব্যাহত রাখবে আঙ্কারা।তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর আকাকালের একটি আবাসিক এলাকায় গত বুধবার সীমান্তের ওপার থেকে মর্টার হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ পাঁচ তুর্কি নাগরিক নিহত হয়। ওই দিনই তুর্কি সেনাবাহিনী এর পাল্টা জবাব দেয়।মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরীয় শহর তেল আবিয়াদের কাছে একটি সামরিক চৌকিতে তুর্কি বোমা হামলায় কয়েকজন সেনা নিহত হয়েছে। তুর্কি নগর আকাকালে থেকে ঘটনাস্থল কয়েক মাইল দূরে। তবে তুর্কি হামলায় কতজন সেনা নিহত হয়েছেন, সে সম্পর্কে কিছুই জানায়নি সংস্থাটি।ন্যাটো বলেছে, তারা তাদের সদস্যরাষ্ট্র তুরস্কের সঙ্গেই আছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা এই সামরিক জোটটি সিরিয়ার প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধে আহ্বান জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ন্যাটো ব্রাসেলসে এক জরুরি সভা করে।১৫ জাতি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা একটি চিঠিতে তুর্কি দূত আর্তুগ্রুল আপকান সিরিয়ার মর্টার হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জবাবে জাতিংসঘ কূটনীতিকেরা বলেন, তাঁরা আশা করছেন, সিরিয়ার মর্টার হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদ বিবৃতি দেবে। একই সঙ্গে তাঁরা তুর্কি ভূখণ্ডে সহিংসতা বন্ধেরও দাবি জানান। সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জাওবি মর্টার হামলায় নিহত তুর্কি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তাঁর দেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তুর্কি ভূখণ্ডে কারা মর্টার হামলা চালিয়েছে তা তাঁরা তদন্ত করে দেখছেন।এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল এক বিস্ফোরণে দেশটির বিশেষ বাহিনী রিপাবলিকান গার্ডের ২১ জন সদস্য নিহত হয়েছেন। বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির একটি ঘটনার পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এএফপি।