সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, দেশটিতে পুরো মাত্রায় গৃহযুদ্ধ আসন্ন এবং তা বাস্তব। আর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, সিরিয়ার সংকট দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সিরিয়ার হামা প্রদেশে হত্যাযজ্ঞের খবর প্রকাশিত হওয়ার পর গত বৃহস্পতিবার বর্তমান ও সাবেক দুই মহাসচিব এ মন্তব্য করলেন।মানবাধিকারকর্মীদের মতে, গত বুধবার হামা প্রদেশের কুবাইর গ্রামে ৭৮ ব্যক্তি সরকার-সমর্থিত মিলিশিয়া বাহিনীর গণহত্যার শিকার হয়। তবে সরকার বলেছে, সেখানে নয়জনকে হত্যা করেছে ‘সন্ত্রাসীরা’। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বারবার নিহত শিশুদের ছবি প্রচার করা হচ্ছে। সেখানে অভিযোগ করা হচ্ছে, সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের পথ সুগম করতে বিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বিরোধী কর্মীরা দৃঢ়ভাবে এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, সরকার-সমর্থিত সাবিহা মিলিশিয়া বাহিনী সেখানে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার ব্যাপকতা অনেক বেশি।বিষয়টি তদন্তে জাতিসংঘের পর্যবেক্ষকেরা বৃহস্পতিবার কুবাইর গ্রামে পৌঁছানোর চেষ্টা করলে তাঁদের ওপর গুলি চালানো হয়।হামা প্রদেশের কুবাইর গ্রামে গণহত্যার খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় বান কি মুন, কফি আনানসহ জাতিসংঘের কূটনীতিকেরা নিরাপত্তা পরিষদে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘের পর্যবেক্ষকদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়টির প্রতি আলোকপাত করে মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়া অনিবার্য গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আর কফি আনান বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর শক্তভাবে চাপ প্রয়োগ না করা হলে সিরীয় সংকট খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ছয় দফা আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা মেনে চলার বিষয়ে আসাদকে সতর্ক করে দিতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে আনান বলেন, ‘আমরা যত বেশি অপেক্ষা করব, সিরিয়ার ভবিষ্যৎ ততই অন্ধকার হবে।’নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহাসচিব বান কি মুন। এ সময় তাঁর পাশে ছিলেন কফি আনান ও আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবি।হিলারির সিরিয়াবিষয়ক সহযোগী রাশিয়ায়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সিরিয়াবিষয়ক সহযোগী ফ্রেড হফ গতকাল মস্কো সফরে গেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে অপসারণের বিষয়ে মস্কোর সমর্থন আদায়ের চেষ্টা করবেন হফ। সোভিয়েত আমলের মিত্র সিরিয়াকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এএফপি ও বিবিসি।