সিরিয়ায় পোলিওর প্রাদুর্ভাব নিশ্চিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পোলিওর প্রাদুর্ভাব ঘটেছে এবং তা দেশটির ওই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রয়টার্স বলছে, এ মাসে দিয়ের আল-জাওর প্রদেশে ২২ জন শিশু পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। এদের যে ধরনের শিথিল পক্ষাঘাত ও অন্যান্য লক্ষণ দেখা গেছে, তাতে তারা ভিন্ন কোনো রোগেও আক্রান্ত হয়ে থাকতে পারে।

১০ জন আক্রান্তে দেহ থেকে নেওয়া নমুনায় পোলিওর সন্ধান পেয়েছে তিউনিসে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগার।

জাতিসংঘের এ সংস্থাটি বলছে, ১৯৯৯ সালের পর সিরিয়াতে আবার পোলিওর প্রাদুর্ভাব ঘটল।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মুখপাত্র ওলিভার রোজেনবায়ের জেনেভাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ২২ জনের মধ্যে ১০ জনের নমুনাতে পোলিও টাইপ ওয়ানের জীবাণু পাওয়া গেছে। তিনি রয়টার্সকে বলেন, প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে।

রোজেনবায়ের বলেন, পরবর্তী পদক্ষেপ হবে এসব ভাইরাসের জিন বিশ্লেষণ করা, তাতে জানা যাবে যে এগুলো কোথা থেকে এসেছে। এর ফলে ভাইরাসটির উত্পত্তি সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে।

জাতিসংঘ বলছে, প্রতিদিন চার হাজারের বেশি শরণার্থী সিরিয়া থেকে পাশের দেশগুলোতে পালিয়ে যাচ্ছে। এ কারণে সিরীয়দের পোলিও প্রতিষেধক দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।

রোজেনবায়ের আরও বলেন, ছোঁয়াচে রোগ হওয়ার কারণে রোগটি জনবাহিত হয়ে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এ জন্য এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ।