সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদই পুনর্নির্বাচিত হবেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।
স্পিকার মোহাম্মদ আল লাহাম পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি দাবি করেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। বিচার বিভাগ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই ঘোষণা সিরিয়ার চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানকে ভেস্তে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
বাশারের বর্তমান মেয়াদ চলতি বছরের ১৭ জুলাই শেষ হবে। বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় আছেন তিনি।
সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এখন তা গৃহযুদ্ধে পরিণত হয়েছে। এতে এখন পর্যন্ত দেড় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।