সিরিয়ায় ফের গণহত্যা নিহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় আবারও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। হামা প্রদেশের ত্রেমসেহ গ্রামে এই বাহিনীর হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ জন। এ ঘটনায় জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে দেশটির সরকারবিরোধীরা। এদিকে, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দামেস্কের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে।মানবাধিকারকর্মীরা গতকাল শুক্রবার বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনারা গ্রামটিতে প্রথমে হেলিকপ্টার গানশিপ ও ট্যাংকযোগে হামলা চালায়। পরে সরকারপন্থী শাবিহা মিলিশিয়ারা সেখানে ঢুকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। তবে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে, সিরিয়ায় নিযুক্ত পর্যবেক্ষক মিশনের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠককে সামনে রেখে উত্তেজনা সৃষ্টি করতেই ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০ জুলাই এ মিশনের মেয়াদ শেষ হচ্ছে।হত্যাকাণ্ডের জন্য সিরিয়ার মুসলিম ব্রাদারহুড জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান এবং সিরিয়ার মিত্র ইরান ও রাশিয়ার নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে। রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, সিরীয় সংকট নিয়ে আলোচনার জন্য কফি আনান সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসবেন।বিশ্লেষকেরা বলেন, ত্রেমসেহের এই হামলা সঠিক হলে তা হবে চলমান সিরীয় সংঘাতের সবচেয়ে বড় কোনো একক রক্তপাতের ঘটনা। গত ২৫ মে হুলা নগরে অনুরূপ হামলায় অন্তত ১০৮ জন নিহত হয়। ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান শুরুর পর দেশটিতে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধীদের হাতে পতনের পর সেনারা ত্রেমসেহের দখল ফিরে পেতে এমন অভিযান শুরু করেছে। বৈরুত থেকে বিবিসির সংবাদদাতা জিম মুয়ের জানান, ওই গ্রামে যে অনেক প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারে সিরিয়ার দুই পক্ষই স্বীকার করেছে। কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা নিয়ে তাদের বক্তব্য পুরোপুরি ভিন্ন।মানবাধিকারকর্মীরা বলেন, গত বৃহস্পতিবার সকালে সেনারা গ্রামটি ঘিরে ফেলে এর বাসিন্দাদের ওপর কয়েক ঘণ্টা প্রচণ্ড বোমাবর্ষণ করে। এতে বহু লোক মারা যায়। এরপর নিকটবর্তী গ্রামগুলো থেকে সরকারপন্থী মিলিশিয়ারা সেখানে প্রবেশ করে আরও অনেককে হত্যা করে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাণে বাঁচতে পলায়নপর মানুষের ওপরও গুলি চালানো হয়।আহমেদ নামের একজন মানবাধিকারকর্মী বলেন, ‘এখন পর্যন্ত নিহত ২০ জনের পরিচয় আমরা জানতে পেরেছি এবং একটি মসজিদ থেকে ৬০ জনের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া মাঠ, নদী ও বাড়িঘরে পড়ে আছে অনেক মৃতদেহ। বোমাবর্ষণ থেকে পালানোর সময় কোনো কোনো পরিবারের সবাই প্রাণ হারায়।’মানবাধিকারকর্মীরা নিহত বেশ কিছু পুরুষ ও শিশুর মরদেহের ভিডিও প্রকাশ করেছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে দামেস্ক, ইদলিব ও হামায় বিক্ষোভ হয়েছে। হামলার পর সরকারবিরোধীদের প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল নিরাপত্তা পরিষদের প্রতি প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে কঠোর প্রস্তাব পাসের আহ্বান জানিয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র গতকাল সতর্ক করে বলেছে, সিরীয় কর্মকর্তারা দামেস্কের রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাঁদের ‘জবাবদিহি’ করতে হবে। এর আগে দেশটির এই অস্ত্রের মজুদ থেকে কিছু অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে বলে খবর বের হয়। বিবিসি, এএফপি ও রয়টার্স।