সিরিয়ায় ফের গণহত্যার অভিযোগ, রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে দেশটির সরকারি বাহিনী আবারও গণহত্যা চালিয়েছে বলে গতকাল সোমবার বিদ্রোহীরা অভিযোগ করেছে। একই দিন রাজধানী দামেস্কে রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী রাইয়াদ হিজাব সরকারের পক্ষ ত্যাগ করে জর্ডানে চলে গেছেন বলে জানিয়েছে আম্মান সরকার। অবশ্য, হিজাবকে বরখাস্ত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়। সাবেক কৃষিমন্ত্রী রাইয়াদকে প্রেসিডেন্ট বাশার গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সিরিয়ার সরকারবিরোধী গ্রুপ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনা ও মিলিশিয়ারা হামার হার্বনাফসা শহরে নৃশংস অভিযান চালিয়ে ৪০ জনকে হত্যা ও আরও ১২০ জনকে আহত করেছে। শহরটিতে প্রায় আট হাজার লোকের বাস। প্রেসিডেন্ট বাশারের বাহিনী শহরটিতে প্রথমে ট্যাংকের গোলা ও ভারী অস্ত্রশস্ত্রের সহায়তায় টানা পাঁচ ঘণ্টা অভিযান চালায়। এরপর ওই হত্যাকাণ্ড ঘটায়।সংগঠনটি আরও বলেছে, সরকারের অপরাধমূলক তৎপরতা, পরিকল্পিত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সেনা, অন্যান্য নিরাপত্তা বাহিনী ও শাবিহা মিলিশিয়ারা শহর থেকে পলায়নরত মানুষের ওপরও ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। ওই হত্যাকাণ্ডের ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে সংগঠনটি একে সরকারের মানুষ নিধনের নীতি বলে মন্তব্য করেছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত রবি ও সোমবার দুই দিনে সহিংসতায় হার্বনাফসায় ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রগুলো থেকে এসব পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-জোয়াবি বলেন, গতকাল দামেস্কের কেন্দ্রে কড়া নিরাপত্তাবেষ্টিত ওমাইয়াদ এলাকায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের চতুর্থ তলায় এক বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হন। হামলার ঘটনার পরও টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে এএফপির একজন সংবাদদাতা জানান, টেলিভিশন ভবনের বাইরে দমকল বাহিনীর গাড়ি রয়েছে। এ ছাড়া ওমাইয়াদ স্কয়ারের চারপাশ ঘিরে রাখা হয়েছে। হামলার জন্য কারা দায়ী, তা এখনো চিহ্নিত করা যায়নি। এএফপি, বিবিসি ও রয়টার্স।