সিরিয়ায় বাশারবিরোধীদের সহায়তার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংকটের কোনো রাজনৈতিক সমাধান না হলে বিকল্প চিন্তা করা হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন।এদিকে সিরিয়ার হোমস নগর ও ইদলিব প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর হামলায় দুই দিনে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বিদেশি সাংবাদিকও রয়েছেন।হোয়াইট হাইসের মুখপাত্র জে কার্নি বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি, সিরিয়ায় রাজনৈতিক সমাধানই যথেষ্ট। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে চাই না, যা সিরিয়াকে আরও যুদ্ধাবস্থার দিকে ঠেলে দেবে। কারণ, সেটি ওই দেশকে একটা বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে। তবে আমরা বিকল্প পদক্ষেপের কথাও উড়িয়ে দিচ্ছি না।’যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তার কৌশল নেবে কি না, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, সিরিয়ায় সহিংসতা বাড়ুক, তা ওয়াশিংটন দেখতে চায় না এবং রক্তপাত বন্ধে রাজনৈতিক সমাধান চায়।ন্যুল্যান্ড বলেন, ‘কিন্তু রাজনৈতিক চাপেও বাশার আল-আসাদ যদি সমাধানে না আসেন, তাহলে আমাদের বিকল্প চিন্তাও করা লাগতে পারে।’আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস সিরিয়ার সরকার ও বিরোধীদের প্রতি যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তাতেও সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।জে কার্নি বলেন, ‘সিরিয়ার মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিতে যুদ্ধবিরতির এ প্রস্তাবকে আমরা সমর্থন করি।’এদিকে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আবদিতা গ্রামে মঙ্গলবার হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। আর হোমস নগরে মারা গেছেন ৩১ জন। এর মধ্যে ২১ জন মারা গেছেন হোমসের প্রতিবেশী শহর বাবা আমরে।মানবাধিকারকর্মীরা জানান, হোমসের উপকণ্ঠে আরও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এএফপি, পিটিআই ও রয়টার্স।