সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর আবার গুলিবর্ষণ, ২০ জন নিহত
সিরিয়ার রাজধানী দামেস্ক, দেরা, হামা ও তাল শহরে গতকাল শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। ডেরা শহরে বিক্ষোভ মিছিলের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। মিছিলকারীরা গত বুধবারের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের দাফনে অংশগ্রহণ শেষে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী।অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল বিক্ষোভকারীদের অপর একটি অংশ ডেরা শহরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। একজন প্রত্যক্ষদর্শী আল-জাজিরা টেলিভিশনকে বলেন, এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। একজন মানবাধিকারকর্মী এএফপিকে জানান, ওই হত্যাকাণ্ড ঘটেছে সালামেন গ্রামে।দামেস্কে বাদশাহ ফয়সাল সড়কে কয়েক শ মানুষ বিক্ষোভ করেছে। এ সময় তাঁরা দেশটিতে শান্তির সপক্ষে বিভিন্ন স্লোগান দেয়। খবরে বলা হয়, এই নিরাপত্তা বাহিনী মিছিলটি ছত্রভঙ্গ করে এবং অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।সিরিয়া সরকারের রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। গতকাল শুক্রবারের দিনটিকে ‘মর্যাদা রক্ষা দিবস’ হিসেবে ঘোষণা করে বাদ জুমা দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করে। গত বুধবার ডেরা শহরে বিক্ষোভ মিছিলে নিরাপত্তাকর্মীরা সরাসরি গুলি চালালে সেখানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়। এ ঘটনায় সরকারবিরোধীরা বিক্ষোভে ফেটে পড়ে। ‘দ্য সিরিয়া রেভল্যুশন ২০১১’ শিরোনামে বিক্ষোভকারীরা একটি ফেসবুক গ্রুপ খুলেছে। ইতিমধ্যে ওই গ্রুপের সঙ্গে প্রায় ৭৮ হাজার সিরীয় নাগরিক একাত্মতা প্রকাশ করেছে। মূলত তাদের উদ্যোগেই ‘মর্যাদা রক্ষা দিবস’-এর ডাক দেওয়া হয়।ওই ওয়েবসাইটে বলা হয়, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’গতকাল জুমার নামাজ শেষে ডেরার ওমরি মসজিদ থেকে বেরিয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। তবে গতকাল নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়নি। রাজধানী দামেস্কেও ডেরার বিক্ষোভকারীদের সমর্থনে প্রায় ২০০ লোক বিক্ষোভ করে। ‘দেরার জন্য জীবন দেব, রক্ত দেব’ বলে এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে, রাজধানীতে কিছু লোককে প্রেসিডেন্ট আসাদের সমর্থনেও শোভাযাত্রা বের করতে দেখা গেছে।দেরায় গুলিবর্ষণের ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আসাদের রাজনৈতিক উপদেষ্টা বুথাইনা শাবান ক্ষমতাসীন বাথ পার্টি সেখানকার জরুরি অবস্থার আইন তুলে নেওয়ার কথা ভাবছে বলে জানান। সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। তখন থেকেই সেখানে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ।বুথাইনা শাবান আরও বলেন, সাম্প্রতিক ঘটনায় আটক সব বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া, সরকারি ও বেসরকারি কর্মচারীদের বেতন বাড়ানো, স্বাস্থ্যনীতির সংস্কার, নির্বাচনে আগের চেয়ে বেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করা, গণমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করাসহ বিভিন্ন সংস্কারমূলক কাজ করবে সরকার। তবে সমালোচকেরা বলেছেন, ২০০৫ সালে শাবান ঠিক একইভাবে প্রেসিডেন্ট আসাদের পক্ষ থেকে একগুচ্ছ সংস্কারের অঙ্গীকার করেছিলেন, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।বুথাইনা শাবানের সংবাদ সম্মেলনের পর বিরোধীরা পাল্টা সংবাদ সম্মেলন করে সরকারের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেন।বিক্ষোভকারীরা বলেন, এর আগে বহুবার সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে। আন্দোলন স্তিমিত করে দেওয়ার জন্য এবারও প্রেসিডেন্ট আসাদ ‘টোপ’ হিসেবে সেই পুরোনো কৌশল নিয়েছেন। তাঁরা বলেন, তাঁরা কোনো প্রতিশ্রুতি চান না। তাঁদের দাবি অনুযায়ী সিরিয়ায় বহুদলীয় গণতন্ত্রের সফল বাস্তবায়ন চান। বিবিসি অনলাইন ও এএফপি।