সিরিয়ায় গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৬২ জন মারা গেছে। রাজধানী দামেস্কের দক্ষিণে দেরা শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ হয়। এ ঘটনার পরপরই সিরীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞাসংক্রান্ত কাগজে সই করেছেন।যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন আসাদের চাচাতো ভাই আতিফ নাজিব ও তাঁর ভাই মাহের। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে সিরিয়া সরকারকে সহায়তা দেওয়ার অভিযোগে ইরানের রেভল্যুশনারি গার্ডের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘সিরীয় সরকারের প্রতিটি পদক্ষেপ ও আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতেই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’প্রত্যক্ষদর্শী ও মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা দেরা শহরের রাস্তায় নেমে আসে। এ সময় সেনাবাহিনী ফাঁকা গুলি চালালে কমপক্ষে ৬২ জন মারা যায়।অপরদিকে রাজধানী দামেস্কে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দেরা ও দামেস্ক ছাড়াও হোমস, লাটাকিয়া ও বানিয়াস শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের পাশাপাশি ক্ষমতাসীন বাথ পার্টির ৪৮ বছরের শাসনের অবসান দাবি করেছে।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৩ জন বেসামরিক লোক মারা গেছে। উত্তরাঞ্চলীয় শহর হোমসে মারা গেছে ২৭ জন। বন্দরনগর লাটাকিয়ায় মারা গেছে আরও দুজন। সিরিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা সাওয়াসিয়াহ হতাহতের এই সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সরকারি গণমাধ্যমে দাবি করা হয়েছে, সহিংসতায় চারজন সেনাসদস্যও মারা গেছেন। এ ছাড়া দেরা শহরে দুজন সেনাসদস্যকে আটক করেছে ‘সন্ত্রাসীরা’।শুক্রবারের ঘটনার পর গতকাল শনিবার দেরা শহরে আরও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ওই শহরের একজন বাসিন্দা জানান, খুব ভোরে চারটি ট্যাংক, ২০টি সাজোয়া যান ও একটি সেনা অ্যাম্বুলেন্স শহরে প্রবেশ করে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই দেরা শহরেই প্রথম সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই থেকে সরকারবিরোধী আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত হয়েছে শহরটি। গত মাসে দেরা শহরে প্রথম বিক্ষোভ হওয়ার পর সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। গণগ্রেপ্তার চালানো হয় শহরে শহরে। রয়টার্স ও বিবিসি।