সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি
সিরিয়ায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ার জনগণের প্রতি তেহরানের জোরালো সমর্থন রয়েছে।অস্ট্রেলিয়ায় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালেহি আরও বলেন, সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়। পরস্পরকে বোঝার জন্য দেশটির সরকার ও বিরোধীপক্ষ—উভয়কেই চেষ্টা করতে হবে। চলমান সংকট নিরসনে তাদের মধ্যে আলোচনার উদ্যোগকে তেহরান স্বাগত জানাবে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে দেড় বছর ধরে আন্দোলন চলছে। এতে সরকারি বাহিনীর হামলায় অন্তত দুই হাজার শিশুসহ কমপক্ষে ৩০ হাজার মানুষ নিহত হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরীয় সরকারকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ অস্বীকার করে সালেহি বলেন, তাঁর দেশ শান্তির পক্ষে কাজ করছে। সিরিয়ার ব্যাপারে কন্টাক্ট গ্রুপের সদস্য দেশগুলোর সঙ্গে তেহরান আলোচনায় বসবে বলে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন।যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন আহমাদিনেজাদের ক্যামেরাম্যান: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী আহমাদিনেজাদের সফরসঙ্গী ক্যামেরাম্যান হাসান গলকানভান যুক্তরাষ্ট্রে থেকে গেছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাঁর আইনজীবী পল ও’ডয়ার গত সোমবার বলেন, ইরান সরকারের বিরুদ্ধাচরণের জন্য গলকানভানের ওপর নির্যাতনের আশঙ্কা রয়েছে। তাঁর স্ত্রী ও দুই সন্তান ইরান ছেড়ে ইতিমধ্যে পালিয়ে গেছেন।জাতিসংঘে সফরকালে হাসানের রাজনৈতিক মতাদর্শ নিয়ে সন্দেহ তৈরি হয়। তাঁর বর্তমান অবস্থানের ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন বলে ও’ডয়ার জানিয়েছেন। সার্বিক প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে। এএফপি।