সিরিয়ায় বিদ্রোহীদের শক্তিশালীকরতে কাজ করবে যুক্তরাষ্ট্র: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের ‘শক্তিশালী করতে’ ওয়াশিংটন তার অন্যান্য মিত্রের সঙ্গে একযোগে কাজ করবে। গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের সঙ্গে বৈঠক করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাতার ও সৌদি আরব সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর বেরিয়েছে, সে সম্পর্কে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে জন কেরি বলেন, সিরিয়ার বিদ্রোহীরা এ বিষয়টি নিশ্চিত করার মতো সক্ষমতা অর্জন করেছে যে অস্ত্রগুলো সঠিক জায়গায় যাচ্ছে, ভুল জায়গায় নয়। পাশাপাশি তিনি বলেন, তবে দু-একটি অস্ত্র যে বেঠিক জায়গায় যাবে না, তা শত ভাগ নিশ্চয়তা দিয়ে বলা যাবে না।সংবাদ সম্মেলনে প্রিন্স সৌদ আল ফয়সাল বলেন, সিরিয়ার উৎপীড়ক সরকারের হত্যাযজ্ঞ থেকে নিজেদের রক্ষা করার জন্য অস্ত্রধারণের অধিকার বিদ্রোহীদের রয়েছে।এদিকে গতকাল হঠাৎ করেই রিয়াদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসে জন কেরির সঙ্গে বৈঠকে বসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর কেরি বর্তমানে প্রথমবারের মতো উপসাগরীয় দেশগুলো সফরে রয়েছেন। সফরকালে কেরি এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সিরিয়া সংকট ও ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক করছেন। গত রোববার রাতে অনেকটা অপ্রত্যাশিতভাবে রিয়াদ এসে পৌঁছান কেরি। এর আগে তিনি মিসরে দুই দিনের সফর শেষ করেন। উপসাগরীয় দেশগুলোতে শুরু করা এই সফরে কেরি ইসরায়েল বা ফিলিস্তিন ভূখণ্ডে যাচ্ছেন না। তবে ২০ থেকে ২২ মার্চ জেরুজালেম ও রামাল্লায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরে তিনি তাঁর সঙ্গে থাকবেন বলে কর্মকর্তারা জানান।রিয়াদে ফিলিস্তিনি প্রতিনিধি জামাল আল-শবাকি ফিলিস্তিনের সরকারি বেতার ভয়েস অব প্যালেস্টাইনকে বলেন, প্রেসিডেন্ট ওবামার সফর সামনে রেখে প্রেসিডেন্ট আব্বাস পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে বৈঠকে নতুন মার্কিন প্রশাসন সম্পর্কে ফিলিস্তিনিদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি আরও বলেন, কেরির সঙ্গে প্রথম বৈঠকে আব্বাস জেরুজালেমে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন, অবৈধ ইহুদি বসতি স্থাপন ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের অনশন বিষয়েও তুলে ধরেন। দুই বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে রয়েছে।পৃথক বাস সার্ভিস চালু: ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের জন্য পৃথক দুটি বাস সার্ভিস চালু করেছে। দেশটির একটি মানবাধিকার সংগঠন এই পদক্ষেপকে সাম্প্রদায়িক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছে।ইসরায়েলি পত্রিকা হারেৎজ বলেছে, পশ্চিম তীর ও ইসরায়েলের মধ্যে যেসব ফিলিস্তিনি শ্রমিক চলাচল করেন, তাঁদের এই দুটি বাস সার্ভিস ব্যবহার করতে হবে। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সঙ্গে একই বাসে চলাচল করা তাঁদের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগ করার পর ইসরায়েল এই পদক্ষেপ গ্রহণ করল। এএফপি ও রয়টার্স।