সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২৭ সেনা নিহত
সিরিয়ায় স্বপক্ষ ত্যাগকারী সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে কয়েক দফা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ কথা জানায়।যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানায়, দেরার দুটি এলাকায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহী সেনা সদস্যদের এ সংঘর্ষ হয়। এ ছাড়া দেরার ২৫ কিলোমিটার পূর্বে একটি চৌরাস্তায় অবস্থিত সেনা তল্লাশি চৌকিতেও দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষ হয়। তবে কীভাবে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ল তা জানা যায়নি। কিন্তু হতাহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য হওয়ায় ধারণা করা হচ্ছে, বিদ্রোহীরাই তাঁদের ওপর হামলা চালায়। সিরিয়ার সরকারি বাহিনীগুলোর ওপর বিদ্রোহী সেনারা প্রায়ই হামলা চালাচ্ছে। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান জানান, দেরার পূর্বে মুসাইফ্রার কাছে অবস্থিত সেনা চৌকিতে দায়িত্ব পালনরত যৌথ বাহিনীর ১৫ সদস্যের সবাই বিদ্রোহী সেনাদের হামলায় নিহত হয়েছেন। দেরা থেকেই নয় মাস আগে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এ সময় বিদ্রোহ দমনের লক্ষ্যে আসাদের অনুগত বাহিনীর হাতে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। রয়টার্স।