সিরিয়ায় বিদ্রোহীদের হাতে ‘আটক’ রাকার গভর্নর
সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের গভর্নরকে আটক করেছে। গতকাল মঙ্গলবার লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ কথা জানিয়েছে। বিদ্রোহীদের একটি অ্যামেচার ভিডিও ফুটেজে হাসান জলিলি নামের ওই গভর্নরকে আটকের দৃশ্যও প্রচার করা হয়। পরে এসওএইচআর ফুটেজটি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এতে দেখা গেছে, বিদ্রোহীদের সঙ্গে হাসান জলিলি ও ক্ষমতাসীন বাথ পার্টির রাকা প্রাদেশিক মহাসচিব সুলেমান বসে আছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন অজ্ঞাত বিদ্রোহী আটক ওই দুই বন্দীর উদ্দেশে কথা বলছেন। তবে দুই বন্দীই চুপচাপ বসে আছেন এবং ওই বিদ্রোহী বলছেন, ‘আমরা সবাই এই শাসকগোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে চাই।’অন্য একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কিছু সরকারি সেনা ও সরকারপন্থী বন্দুকধারী মাটিতে বসে আছেন। আর বিদ্রোহীরা তাঁদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন। সিরিয়ান এসওএইচআরের পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘এটাই বিদ্রোহীদের সরকারের কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে আটক করার সবচেয়ে বড় ঘটনা। আর গভর্নরের দুর্নীতির কারণে রাকার মানুষকে চরম ভোগান্তিও পোহাতে হয়েছে।’এসওএইচআর জানায়, উচ্চপদস্থ ওই দুই সরকারি কর্মকর্তাকে বন্দী করা ছাড়াও বিদ্রোহীরা একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছেন। সংস্থাটি আরও বলেছে, রাকায় বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে আল-নুসরা জিহাদি ফ্রন্টের সদস্যরাও লড়াই করেছেন। প্রায় দুই বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত সোমবার বিদ্রোহীরা প্রাদেশিক রাজধানী রাকা শহরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে সোমবার রাতে শহরের সামরিক গোয়েন্দা সদর দপ্তরের কাছে আসাদের অনুগত মিলিশিয়ারা বিদ্রোহীদের বিরুদ্ধে তুমুল লড়াই করেছে। রামি আবদেল রহমান জানান, রাকায় নতুন করে সেনা মোতায়েনের তৎপরতা চলছে। রাকার অধিকাংশ এলাকার পতন হওয়ার পর সেনাবাহিনী যুদ্ধবিমান ও ট্যাংক থেকে শহরে গোলাবর্ষণ করেছে। এরই মধ্যে সরকারপন্থী আল-ওয়াতান পত্রিকা রাকার পতনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার’ বলে অভিহিত করেছে।রাকায় প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বসবাস ছিল। তবে সহিংসতার কারণে সিরিয়ার বিভিন্ন স্থান থেকে পালিয়ে প্রায় আট লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াই প্রসঙ্গে প্রেসিডেন্ট আসাদ দাবি করেছেন, সিরিয়া বিজয়ের দ্বারপ্রান্তে। তাঁর সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রায় গুঁড়িয়ে দেওয়ার পথে। এএফপি ও বিবিসি।