সিরিয়ায় বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গতকাল বুধবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী। অন্তত পাঁচ দফায় চালানো এই হামলায় ৩০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস এ কথা জানিয়েছে। এর আগে মঙ্গলবার দুই পক্ষের লড়াইয়ে নিহত হয় ১৮২ জন। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ-আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি এই সহিংসতা বন্ধে সাহায্য করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে ৩৬ হাজারের বেশি লোক নিহত হয়েছে বলে অবজারভেটরি জানিয়েছে। এদের মধ্যে গত তিন মাসেই মারা গেছে ১৫ হাজার ১৫২ জন। এই হিসাবে ১ আগস্ট থেকে গড়ে প্রতিদিন মারা গেছে ১৬৫ জন। স্বাধীন কর্মী, আইনজীবী, সামরিক ও বেসামরিক হাসপাতালের কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।মানবাধিকার সংগঠনটি বলেছে, সিরিয়ায় চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক লোকজন, যার সংখ্যা ২৫ হাজার ৬৬৭ জন। বাকি নয় হাজার ৪৪ জন সেনাসদস্য এবং এক হাজার ২৯৬ জন বিদ্রোহী সেনা।সংগঠনটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, এর বাইরেও ৪৩৯ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া সহিংসতার সময় আরও যে কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়েছে, তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ এসব ব্যক্তি হয় কারাগারে রয়েছে অথবা নিহত হয়েছে। সরকার-সমর্থক যেসব মিলিশিয়া নিখোঁজ রয়েছে, তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করেনি অবজারভেটরি। এএফপি।