সিরিয়ায় বিমানঘাঁটিতে বিদ্রোহীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার অন্যতম শহর আলেপ্পোর অদূরে একটি সামরিক বিমানঘাঁটিতে গতকাল বুধবার হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত কয়েকটি জঙ্গিগোষ্ঠী অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। হামলার পর সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে আলেপ্পো-দামেস্ক মহাসড়কের পাশে আফিস সামরিক বিমানঘাঁটিতে বিদ্রোহীরা হামলা চালায়। বিদ্রোহীরা মর্টার ও মেশিনগান দিয়ে বিমানঘাঁটিতে অবস্থানরত হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই শুরু হয়। অবজারভেটরির দাবি, বিদ্রোহীদের সঙ্গে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল নুসরা ফ্রন্ট, আহরার আল-স্যাম ব্রিগেডসহ আরও কয়েকটি ইউনিট হামলায় অংশ নেয়। তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের বিষয়টি জানা যায়নি।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বিদ্রোহীরা একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা বিমানঘাঁটির চারপাশ ঘিরে ফেলে বিদ্রোহীদের ওই এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। অসমর্থিত একটি সূত্রে জানা যায়, হামলার পর পর বিমানঘাঁটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আফিস বিমানঘাঁটির একজন কর্মকর্তা জানান, অল্প কিছু সময়ের জন্য রানওয়ে বন্ধ করা হয়েছিল।অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, বিদ্রোহীরা ওই বিমানঘাঁটি আরও কয়েকবার দখলে নিতে হামলা চালিয়েছিল। তার ধারাবাহিকতা বুধবার আবারও হামলা চালানো হয়।এদিকে রাজধানী দামেস্কর ও এর আশপাশে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার তথ্যমতে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। এর পর থেকে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রয়টার্স ও বিবিসি।