সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত দেশটির বিরোধী জোট শিগগিরই অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছে। আগামী ২ মার্চ এই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। এদিকে জোট আসন্ন রোম আলোচনায় না যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। পৃথক আলোচনার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আমন্ত্রণও প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে তারা। আলেপ্পো শহরে সরকারি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক লোকজন হতাহতের পরও আন্তর্জাতিক সম্প্রদায় ‘লজ্জাজনকভাবে’ নীরব বলে অভিযোগ তুলে বিরোধীরা এ সিদ্ধান্ত নিল।গত শুক্রবার মিসরের রাজধানী কায়রোতে বিরোধীদের বৈঠকের পর সিরিয়ার প্রধান বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) মুখপাত্র ওয়ালিদ আল বানি বলেন, কয়েক দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এই সরকার সিরিয়ায় আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলো নিয়ন্ত্রণ করবে। তিনি জানান, সিরিয়ার সরকারবিরোধী সব পক্ষের সঙ্গে পরামর্শ করে ইস্তাম্বুলে বৈঠকের পর ২ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।ওয়ালিদ আরও বলেন, এসএনসি বর্তমান রক্তপাত বন্ধে আলোচনার পথ উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু আসাদের সঙ্গে আলোচনায় যাবে না এসএনসি। কারণ, আসাদ সিরিয়ার অসংখ্য মানুষ হত্যা করেছেন। তাঁকে অবশ্যই পদত্যাগ করতে হবে।সিরিয়ায় প্রায় দুই বছর ধরে চলা রক্তপাত বন্ধে কয়েকটি দেশের জোট ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ রোমে একটি আলোচনার উদ্যোগ নিয়েছে। এসএনসি শুক্রবার বিবৃতিতে জানায়, সিরীয়দের বিরুদ্ধে যে অপরাধ চলছে, তার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার প্রতিবাদে তারা রোম আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আলেপ্পোয় স্কাড ক্ষেপণাস্ত্র হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নৈতিক ও রাজনৈতিক দায় সিরিয়ায় অস্ত্র সরবরাহকারী মিত্র রাশিয়ার। বিবৃতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আমন্ত্রণও প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এসএনসি।শুক্রবার আলেপ্পোয় ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হওয়ার পর এই বিবৃতি দেয় এসএনসি। এই হামলার কারণ জানা যায়নি। এর আগেও আলেপ্পো ও এর আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়ার তৈরি স্কাডজাতীয় ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়। বিরোধী জোটের একজন নেতা জানান, শুক্রবারের হামলায় অন্তত ৩০টি বাড়ি ধ্বংস হয়েছে। এখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, ধ্বংসস্তূপ থেকে ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় পাওয়া গেছে অন্তত ৫০ জনকে।জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় প্রায় দুই বছর ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। আল-জাজিরা ও বিবিসি।