সিরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীসহ ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে মানবাধিকারকর্মী ও কর্মকর্তারা জানিয়েছেন।ইউনিভার্সিটি অব আলেপ্পোর আবাসিক হল ও স্থাপত্য বিভাগের মধ্যবর্তী স্থানে গত মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন এ হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দুই দফা বিস্ফোরণে ৮৩ জন নিহত হয়েছে। তবে আলেপ্পোর গভর্নর বলেন, এই সংখ্যা ৮২ জন।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়, ‘সন্ত্রাসীরা’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই রকেট হামলা চালিয়েছে। অবশ্য মানবাধিকারকর্মীরা দাবি করেন, জঙ্গি বিমান থেকে ক্যাম্পাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।সিরিয়ায় প্রায় দুই বছর ধরে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলা রক্তক্ষয়ী লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে আলেপ্পো। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই নগরে ওই বিস্ফোরণের পর সম্প্রচার করা ভিডিও দৃশ্যে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির আবাসিক ভবনগুলোর একটির সম্মুখভাগ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণে পুড়ে যাওয়া গাড়ি ও মানুষের লাশ সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে। বেঁচে যাওয়া লোকজন নিকটবর্তী ভবনে আশ্রয় নিতে ছুটছে।মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, হামলায় আহত হয়েছে দেড় শ জন। আহত ব্যক্তিদের কারও কারও অবস্থা সংকটাপন্ন। আলেপ্পোর গভর্নর মোহাম্মদ ওয়াহিদ আক্কাদ হামলায় ১৬০ জন আহত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান।সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, হতাহতদের মধ্যে শিক্ষার্থী এবং সিরীয় সহিংসতায় বাস্তুচ্যুত লোকজন যারা এ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও বিভাগীয় ভবনে আশ্রয় নিয়েছিল তারা রয়েছে। বিবিসি।