সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ, নিহত ৩২
সিরিয়ায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেক। নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন। পশ্চিমাঞ্চলীয় শহর দেরা ও শিল্পনগর হোমসে সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান। গতকাল জুমার নামাজের পর দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। দেরা শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তারক্ষী গুলি চালায়। এতে অন্তত ১৬ জন নিহত হয়। হোমসেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এখানে সংঘর্ষে নিহত হয় ১২ জন। এর মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য।সরকারের কঠোর দমন অভিযানের তোয়াক্কা না করে দেরা, দামেস্ক, হোমস, লাটাকিয়া, হামা, বানিয়াস, কামিশলি, হারাসতাসহ বিভিন্ন শহরের রাস্তায় নামে বিক্ষোভকারীরা।ইনসান মানবাধিকার গ্রুপের পরিচালক ওয়াসিম তারিফ জানান, লাটাকিয়ায় দুজন নিহত হয়েছে। তবে এ খবরটির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে বিক্ষোভকারীদের ওপর নৃশংস সামরিক অভিযান বন্ধ করতে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে মতৈক্য হয়েছে। গতকাল ইইউর এক ঊর্ধ্বতন কূটনীতিক এ কথা জানান।গতকাল ব্রাসেলসে সিরিয়া বিষয়ে ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূতদের বৈঠকের আগে ইইউর বৈদেশিক নীতি বিভাগের মহাসচিব পিয়েরে ভিমন্ট বলেন, ‘তাঁদের মধ্যে ব্যাপক মতৈক্য হয়েছে যে, সঠিক বার্তা পৌঁছাতে কিছু একটা করতে হবে।’ তিনি বলেন, এটি দামেস্ককে একটি বার্তা দেওয়ার প্রচেষ্টা, যাতে তারা দমন বন্ধ করে এবং তাদের বিরোধীদের সঙ্গে আলোচনার পথে ফিরে যায়। রয়টার্স ও এএফপি।