সিরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা নিহত ৪২
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি মসজিদে গত বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় একজন জ্যেষ্ঠ ইমামসহ কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।দামেস্কের প্রাণকেন্দ্রে অবস্থিত ইমান মসজিদে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এ হামলায় আরও ৮৪ জন আহত হয়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ হামলাকে ‘আত্মঘাতী সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করা হয়েছে। তবে বিরোধী পক্ষ এ হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন ফ্রি সিরিয়ান আর্মির সহযোগী একটি দলের মুখপাত্র লোয়ে মাকদাদ। হামলায় নিহত জ্যেষ্ঠ ইমাম মোহাম্মাদ আল-বুতি আসাদ সরকারের একজন সমর্থক ছিলেন। তিনি প্রসিদ্ধ উম্মায়াদ মসজিদের ইমাম ছিলেন। প্রতি শুক্রবার তাঁর খুতবা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হতো।টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইমাম বুতি আসাদবিরোধীদের ‘অপদার্থ’ বলে আখ্যায়িত করেন। তিনি বিরোধীদের পরাজিত করতে সাধারণ জনগণকে সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন।সিরিয়ার সংঘাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করবে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত বৃহস্পতিবার জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বান কি মুন বলেছেন, যত দ্রুত সম্ভব তদন্তকাজ শুরু করা হবে। এএফপি ও রয়টার্স।