সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন করছে সামরিক বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অধিকাংশ ঘটনার জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। সিরিয়াবিষয়ক জাতিসংঘের ওই কমিশন সে দেশের বিদ্রোহীদের কৌশলেরও সমালোচনা করেছে।গত বছরের মার্চ মাস থেকে শুরু করে চলতি বছরের মে মাসের প্রথম কয়েক দিন পর্যন্ত সিরিয়ায় ঘটে চলা মানবাধিকার লঙ্ঘনের তথ্য-উপাত্ত প্রতিবেদনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে এই কমিশন গঠন করে। গত বৃহস্পতিবার কমিশন তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে। তবে কমিশনের সদস্যদের সিরিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি সে দেশের ক্ষমতাসীন সরকার। তদন্তকাজ চালাতে সিরিয়ার যেসব মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে, তাদের সাক্ষাৎকার নিয়েছে কমিশন। এ ছাড়া সিরিয়ার অভ্যন্তরে বিভিন্ন সহিংস ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ নিয়েছেন কমিশনের সদস্যরা। কমিশন বলছে, দুই পক্ষের মধ্যে সংঘাত ক্রমাগতভাবে সামরিক শক্তি প্রয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক এলাকায় সামরিক হামলা চালানোর ঘটনা ঘটছে। ইদলিব, হোমস, আলেপ্পো, হামা, দামেস্ক, দেরা এলাকার পাশাপাশি বহু গ্রামে সামরিক বাহিনী সরকারবিরোধী সমর্থকদের ওপর নির্যাতন চালিয়েছে। বিদ্রোহী সেনাদের খুঁজে বের করতে সরকারি বাহিনী পুরো গ্রাম অবরুদ্ধ করে বাড়ি বাড়ি তল্লাশি করেছে। কয়েকটি সামরিক অভিযানে পুরো পরিবারের সব সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্মম নির্যাতনের হাত থেকে নারী ও শিশুরা পর্যন্ত রেহাই পায়নি।সিরিয়া যেতে পারেন কফি আনান: জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান চলতি মে মাসের শেষের দিকে সিরিয়া সফরে যেতে পারেন। সফরকালে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে আবারও আলোচনা করবেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একজন কূটনীতিক কফি আনানের সম্ভাব্য সিরিয়া সফরের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও কফি আনানের মুখপাত্র তার সম্ভাব্য সফর নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিবিসি ও রয়টার্স।