সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বেড়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। জাতিসংঘের একটি কমিশনের (মানবাধিকার লঙ্ঘনবিষয়ক তদন্ত কমিশন) প্রধান গতকাল সোমবার এ কথা জানান। তিনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের শীর্ষস্থানীয় তদন্ত কর্মকর্তা পলো সের্গিয়ো পিনহেইরো গতকাল জেনেভায় কূটনীতিকদের বলেন, সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন ব্যাপক হারে বাড়ছে; বিশেষ করে দামেস্ক ও আলেপ্পোতে তা বেড়েই চলেছে। তিনি বলেন, এত দ্রুত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যার সবগুলোর তদন্ত করা অসম্ভব হয়ে পড়ছে। শিশুসহ বেসামরিক লোক সহিংসতার শিকার হচ্ছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ২১তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় সের্গিয়ো পিনহেইরো এসব কথা বলেন। এ সময় তিনি তাঁর কমিশনের গত মাসের সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করেন।সের্গিয়ো বলেন, ‘আমরা এই প্রতিবেদন জাতিসংঘের নিরাপত্তা কমিশনের কাছে পাঠাব, যাতে তারা প্রতিবেদনটি পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে। তবে এই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরকারি বাহিনী ও সরকাবিরোধী বিদ্রোহী উভয়েই জড়িত।’ এদিকে সিরিয়ায় জঘন্য অপরাধের জন্য যারা দায়ী, জাতিসংঘ কমিশন গোপনে তাদের একটি তালিকা তৈরি করেছে। তবে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুনির্দিষ্ট করে কোনো সুপারিশ করেনি কমিশন। এএফপি।