সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আগামী মে বা জুন মাসে নির্বাচন হতে পারে। তিনি তাঁর দেওয়া অঙ্গীকার অনুযায়ী সংস্কারের সময়সূচিও ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে আগামী মার্চে নতুন সংবিধান নিয়ে গণভোট হবে। গতকাল মঙ্গলবার রাজধানী দামেস্কে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।দেশটিতে সহিংসতায় ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে অভিযোগ করে প্রেসিডেন্ট আসাদ ‘সন্ত্রাসবাদ’ কঠোরভাবে দমন করার অঙ্গীকার করেন। গত কয়েক মাসের সহিংসতা প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন বাশার। দামেস্ক বিশ্ববিদ্যালয়ে দেওয়া আসাদের এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।সিরিয়ায় গত মার্চে আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। জাতিসংঘের তথ্যমতে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সহিংসতায় এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।সিরিয়া-পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আলোচনায় বসার প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া আরব লিগের পর্যবেক্ষক দলের সিরিয়া সফরের মধ্যে সহিংসতা বন্ধ না হওয়ায় বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েছে আরব লিগ। এই পরিস্থিতিতে ভাষণ দিলেন প্রেসিডেন্ট বাশার।প্রায় দুই ঘণ্টার ভাষণে নানা বিষয়ে কথা বলেন বাশার। তিনি বলেন, ‘সংবিধানের খসড়া প্রণীত হলে তা অনুমোদনের জন্য গণভোটের আয়োজন করা হবে। মার্চের প্রথম সপ্তাহেই এই গণভোট হতে পারে। এরপর সাধারণ নির্বাচন হবে।’ তিনি বলেন, নতুন সংবিধানের ‘মূল বিষয় থাকবে বহুদলীয় পদ্ধতি’। এরপর চলতি বছরের মে বা জুন মাসে নির্বাচন হতে পারে। সরকারে সব দলের অংশগ্রহণের ধারণাকেও স্বাগত জানান তিনি।বাশার দাবি করেন, বেসামরিক জনগণের বিক্ষোভে গুলি করার নির্দেশ নিরাপত্তা বাহিনীকে দেননি তিনি। এই সহিংসতা দমন করতে পারবেন বলে তিনি এখনো আশাবাদী। তিনি বলেন, আইন অনুযায়ী আত্মরক্ষার প্রয়োজন ছাড়া কেউই গুলি চালাতে পারে না। তিনি বলেন, এখন দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই তাঁর সরকারের ‘মূল কাজ’।সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, এখানে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। কেউ তা করার চেষ্টা করলে কঠোর হাতে তাদের দমন করা হবে। তিনি বলেন, এটা সবার কাছে স্পষ্ট হয়েছে যে সিরিয়াকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক কিছু শক্তি সিরিয়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আসাদ বলেন, ‘যারা বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের প্রতি দয়া দেখানো হবে না।’বাশার বলেন, ‘জনগণ যা চাইবে, আমি তা-ই করব। জনগণ চাইলে পদত্যাগ করব আমি। কিন্তু সিরিয়ার বেশির ভাগ জনগণ সংস্কার চায়। আইন লঙ্ঘিত হোক—এটা জনগণ চায় না।’২০০০ সালে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার ক্ষমতায় আসেন। এর আগে ৪০ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে মারা যান তাঁর বাবা প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ। এএফপি।