সিরিয়ায় যুক্তরাজ্যের হামলায় দুই বাঙালি নিহত
সিরিয়ার আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্য ড্রোন হামলা চালিয়েছে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রিয়াদ খান (২১) ও রুহুল আমিন (২৬) মারা গেছেন। গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে এই তথ্য জানান।
ডেভিড ক্যামেরন দাবি করেন, রিয়াদ খান যুক্তরাজ্যের অভ্যন্তরে হামলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন।
প্রায় দুই বছর আগে সিরিয়ায় হামলা চালানোর একটি প্রস্তাব ব্রিটিশ এমপিদের ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। ফলে পার্লামেন্টের অনুমোদন না পাওয়া সত্ত্বেও সিরিয়ায় হামলা চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন এমপিরা। দাবি উঠেছে ব্রিটিশ নাগরিকদের হত্যার যৌক্তিকতা প্রমাণে সুস্পষ্ট প্রমাণ হাজিরের।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রিয়াদ খান পরিবারের সঙ্গে ওয়েলসের কার্ডিফে বসবাস করতেন। আর বাংলাদেশে জন্ম নেওয়া রুহুল আমিন বেড়ে ওঠেন স্কটল্যান্ডের এবারডিনে। ২০১৩ সালে তাঁরা সিরিয়ায় গমন করে বলে ধারণা।
ডেভিড ক্যামেরন বলেন, সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত শহর রাক্কায় গত ২১ আগস্ট রিয়াদ খানকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য ড্রোন হামলা চালানো হয়। এতে এবারডিনের রুহুল আমিনসহ মোট তিনজন নিহত হন। তিনি আরও জানান, গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জুনায়েদ হোসেন (২১) নামে বার্মিংহামের আরেক ব্রিটিশ নাগরিক নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে জুনায়েদ পাকিস্তানি বংশোদ্ভূত।
কার্ডিফ ওয়েস্টের এমপি কেভিন ব্রেনান তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দাকে হত্যার যৌক্তিকতা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তোলেন। পরবর্তীতে তিনি বিবিসিকে বলেন, রিয়াদ যুক্তরাজ্যের জন্য কোন ধরনের হুমকি ছিল তা প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য কার্ডিফের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সাধারণ সম্পাদক সেলিম কিদাওয়াই বলেন, রিয়াদ যুক্তরাজ্যে হামলার পরিকল্পনা করছিল প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের খবর কমিউনিটির লোকদের কাছে পৌঁছা মাত্রই প্রশ্ন উঠছে-গোয়েন্দা বা সরকারের কাছে এর কী প্রমাণ আছে?
রিয়াদ খানের এক পারিবারিক বন্ধু মোহাম্মদ ইসলামও বিবিসিকে বলেন, ব্রিটিশ হামলায় রিয়াদের মৃত্যু হয়েছে এমন তথ্য রিয়াদের বাবা-মাকে আরও বেশি ব্যথিত করেছে। তিনি রিয়াদকে একজন ‘সাধারণ তরুণ’ উল্লেখ করে বলেন, ‘আমরা মনে করি রিয়াদ কোনো না কোনোভাবে মগজ ধোলাইয়ের শিকার হয়ে সিরিয়ায় গেছে। কিন্তু সেখানে বসে সে যুক্তরাজ্যে হামলা চালানোর সামর্থ্য রাখে এটা অবিশ্বাস্য।’
স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির নিরাপত্তাবিষয়ক মুখপাত্র ব্রেনডান ও’হারা বলেন, সিরিয়ায় যুক্তরাজ্যের হামলা হাউস অব কমন্সের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি চরম অবজ্ঞা।
তবে প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন দাবি করেন, সম্পূর্ণ বৈধ উপায়ে সিদ্ধান্ত নিয়ে ওই হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের নিরাপত্তার প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলে জানান তিনি।
কার্ডিফে বাংলাদেশিদের নিয়ন্ত্রণাধীন জালালিয়া মসজিদের সাধারণ সম্পাদক মকদ্দুস মিয়া গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত ২৮ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রিয়াদের জন্য দোয়া করা হয়। রিয়াদের বাবা টেলিফোনে মসজিদের ইমামের কাছে দোয়ার অনুরোধ করেছিলেন। তবে তিনি এই পরিবারের কাউকে চিনেন না বলে জানান।