সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে আনানের আশাবাদ
সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত কফি আনান আশা করছেন, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ ১২ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করবে। গতকাল বৃহস্পতিবার আনানের মুখপাত্র আহমেদ ফাওজি এ কথা বলেন।আহমেদ ফাওজি বলেন, ‘আমরা আশা করছি, ১০ এপ্রিলের মধ্যে সিরিয়া সরকার জনবসতিপূর্ণ এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করবে। এরপর আমরা ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে সব পক্ষকে নিয়ে সব ধরনের সহিংসতা বন্ধের প্রক্রিয়া শুরু করব।’মুখপাত্র বলেন, সিরীয় কর্তৃপক্ষ কফি আনানকে জানিয়েছে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করেছে। তবে তিনি বলেন, ‘আদতেই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে কি না, তা আমরা যাচাই করে দেখব।’গতকাল বৃহস্পতিবার কফি আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য শান্তিরক্ষী পর্যবেক্ষকদের একটি অগ্রবর্তী দল দামেস্ক পৌঁছানোর কথা। দলটি জাতিসংঘের তত্ত্বাবধান ও পর্যবেক্ষকদের কার্যক্রম পরিচালনা নিয়ে সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। এএফপি।