সিরিয়ায় রক্তপাত বন্ধে জাতিসংঘে উচ্চাভিলাষী পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী হানাহানি বন্ধ করে দেশটিতে শান্তিপ্রতিষ্ঠায় এক উচ্চাভিলাষী পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার জাতিসংঘে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে তোলার কথা। পরিকল্পনাটিতে সমর্থন রয়েছে রাশিয়ার। খবর এএফপির।
এই পরিকল্পনা উত্থাপন এবং এর ওপর সমর্থন আদায়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল সমবেত হন জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিনিধিরা। এর আগে গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সফরে মস্কোকে তিনি এ বিষয়ে পুনরায় আশ্বস্ত করেন যে ওয়াশিংটন সিরিয়ায় কোনো ‘সরকার পরিবর্তন’ ঘটাতে চাচ্ছে না।
গত বৃহস্পতিবার এই শীর্ষ মার্কিন কূটনীতিক অবশ্য সিরিয়ার ঘোর শত্রু সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকেও আশ্বস্ত করেন এই বলে—যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্যাপারে ‘নমনীয়’ হচ্ছে না।
কেরির এ উঁচু মাত্রার ‘ভারসাম্যপূর্ণ’ কূটনৈতিক তৎপরতার লক্ষ্য—১৭ জাতির ইন্টারন্যাশনাল সিরিয়ান সাপোর্ট গ্রুপের (আইএসএসজি) শান্তি আলোচনার টেবিলে রাশিয়া ও সৌদি আরব উভয়কে বসানো।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ওই উচ্চাভিলাষী শান্তি পরিকল্পনার ওপর গতকাল জাতিসংঘে আলোচনার আগে দিয়ে ডাচ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার সতর্ক করে বলেন, সিরিয়ায় সরকার পতনের অপচেষ্টা করা হলে রক্তক্ষয়ী সংঘাত আরও বাড়বে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ও ইরান ছাড়া পশ্চিমারা তাঁর দেশে প্রায় পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানে পদক্ষেপ নিতে প্রস্তুত নয়।
জাতিসংঘে নিযুক্ত সিরীয় প্রতিনিধি স্তাফান দ্য মিস্তুরা এবং ওয়াশিংটনের প্রত্যাশা, আগামী ১ জানুয়ারির আগে-পরে যেকোনো ধরনের শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার ও তাঁর সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিনিধি পাঠাবে।
বিশ্লেষকেরা বলেন, এ রকম এক পরিস্থিতিতে সিরিয়ায় প্রায় পাঁচ বছরের সংঘাতে যদি কোনো যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যায় তবে পরবর্তী সময়ে সিরীয় বাহিনী, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে মনোযোগ দিতে সক্ষম হবে।
ইতিমধ্যে, গত মাসে ভিয়েনায় সম্পাদিত একটি চুক্তিতে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় দেশটির সরকার ও বিদ্রোহীদের মধ্যস্থতাকারীদের ছয় মাস সময় দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ মাস সময় দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যেও।
কিন্তু এই গোটা শান্তি-প্রক্রিয়াই ঝুলে আছে বেশ কিছু প্রশ্নে ওপর। যেমন, প্রেসিডেন্ট বাশার এবং তাঁর বিদেশি মিত্র রাশিয়া ও ইরান কি সিরীয় বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত? কেননা, এঁদের দৃষ্টিতে এই বিদ্রোহীরা ‘সন্ত্রাসী’। আবার এই বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের মিত্ররাই বা কি রাজি হবে এমন এক সরকারের সঙ্গে বৈঠকে বসতে, যারা তাদের ভাষায়, বোমা ও বিষাক্ত গ্যাস হামলা চালিয়ে নিজ দেশের হাজারো মানুষের হত্যাকারী।
তা ছাড়া যদি কোনো যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব হয়ও, তবে কে তা পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী সময়ে আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে কেই-বা নেতৃত্ব দেবে—এসবই এই শান্তি-প্রক্রিয়ার জন্য জটিল প্রশ্ন।
এসবসহ অন্যান্য প্রশ্নের উত্তর খুঁজতে এবং নিজেদের মধ্যে মতপার্থক্য কমাতে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে গতকাল শুক্রবার সকালে আইএসএসজির প্রতিনিধিরা নিউইয়র্কের একটি হোটেলে মিলিত হন। বৈঠক শেষে স্বল্প দূরত্বেই জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হওয়ার কথা তাঁদের। সেখানে চলমান শান্তি-প্রক্রিয়ায় নিরাপত্তা পরিষদের অনুমোদন চাইবেন তাঁরা।