সিরিয়ায় রুটির কারখানায় বিমান হামলা, নিহত ৯০
সিরিয়ায় গত রোববার দেশজুড়ে সহিংসতায় ১৮০ জনের বেশি লোক নিহত হয়েছে। এর মধ্যে একটি রুটির কারখানায় বাশার আল-আসাদের বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ৯০ জন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্দোলনরত বিদ্রোহীরা এ দাবি করেছেন। তবে সরকার হামলার জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছে।এমন এক সময় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটল, যখন সহিংসতা বন্ধে আলোচনার জন্য জাতিসংঘ-আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি সিরিয়া সফর করছেন। গতকাল সোমবার তিনি প্রেসিডেন্ট বাশারের সঙ্গে বৈঠক করেন। পরে ব্রাহিমি সাংবাদিকদের বলেন, সংকট নিরসনে ভবিষ্যতের করণীয় নির্ধারণে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের হালফায়া শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। একটি রুটির কারখানা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ওই সময় প্রায় এক হাজার মানুষ রুটির জন্য কারখানার সামনে জড়ো হয়েছিল।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হালফায়াসহ সিরিয়ার বিভিন্ন এলাকায় সেনাদের হামলায় অন্তত ১৮০ জন বেসামরিক ও বিদ্রোহী নিহত হয়েছে। সংগঠনটি জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা হামলায় অসংখ্য লোক আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হালফায়ার একজন কর্মী সামির আল-হামাবি বলেন, ‘হামলায় ঠিক কতজন মারা গেছে, তা জানার কোনো উপায় নেই। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, শুধুই লাশের স্তূপ। তিন দিন ধরে আমরা কেউই আটা-ময়দা পাইনি। তাই সবাই রুটির কারখানায় ভিড় করেছিল। এদের মধ্যে অনেকেই ছিল নারী ও শিশু। নিহতদের মধ্যে আমার কোনো আত্মীয় আছে কি না, আমি এখনো জানি না।’ রয়টার্স ও বিবিসি।