সিরিয়ায় রেডক্রসের ত্রাণ তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস শহরের বাবা আমর এলাকা থেকে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। বছরব্যাপী ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে এটাকে সরকারের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। যদিও বিদ্রোহীরা বলেছে, এটা তাদের ‘কৌশলগত পশ্চাদপসারণ’।রেডক্রস জানিয়েছে, বাবা আমর এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা, আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসাসেবা দিতে সিরীয় সরকারের অনুমতি মিলেছে। রেডক্রসকর্মীরা গতকাল শুক্রবার সেখানে পৌঁছেছেন। সিরিয়ার পররাষ্ট্র ও নির্বাসনবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, দেশটির সেনারা বিদেশি মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বাবা আমর থেকে উৎখাত করেছে। বাবা আমর প্রেসিডেন্ট আসাদ সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কয়েক সপ্তাহ ধরে সরকারি বাহিনী ওই এলাকার চারপাশে ঘিরে রেখে ব্যাপক গোলা ছুড়তে শুরু করে। এতে হতাহত হয় অনেক লোক, যাদের বেশির ভাগই বেসামরিক। গত বুধবার বিদ্রোহীদের হটাতে স্থল হামলা শুরু করে সরকারি সেনারা। আন্দোলনকর্মীরা জানান, সরকারি বাহিনী বাবা আমর এলাকায় অবস্থানরত অবশিষ্ট বিদ্রোহীদের খুঁজছে ও তাদের হত্যা করছে। যদিও এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন, ‘পশ্চিমা সমর্থিত’ বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এদিকে লেবাননের বৈরুতে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) মুখপাত্র সামার আল-কাদি জানান, হতাহত ব্যক্তিদের উদ্ধার, খাদ্য ও চিকিৎসাসহায়তা দিতে বাবা আমর এলাকায় সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট ও আইসিআরসিকে গতকাল শুক্রবার প্রবেশের অনুমতি দিতে সম্মত হয় সিরিয়ার কর্তৃপক্ষ। সম্মতি পাওয়ার পরপরই তাদের সাতটি ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে ওই এলাকার উদ্দেশে রওনা হয়। ‘কাঠগড়ায় দাঁড় করানো হবে’: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরিয়ায় সহিংসতা ও রক্তপাতের ঘটনায় ‘অপরাধী’ দামেস্ক সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে যোগদানকালে ক্যামেরন এ কথা বলেন। সম্মেলনে ইইউ নেতারা নতুন অবরোধ আরোপের মাধ্যমে প্রেসিডেন্ট আসাদ সরকারকে চেপে ধরার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।