সিরিয়ায় লাশের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় শিশুদের শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া, পচন ধরে যাওয়া লাশের সঙ্গে থাকতে বাধ্য করা ও বৈদ্যুতিক শক দেওয়াসহ নানা নির্যাতন চালানো হচ্ছে। ব্রিটিশ দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে এসব অভিযোগ করেছে।সংস্থাটি সিরিয়ায় শিশু নির্যাতনের এই চিত্র তুলে ধরে দেশটিতে জাতিসংঘের উপস্থিতি জোরদারের আহ্বান জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রাক্কালে এই প্রতিবেদন প্রকাশ করা হলো।এর আগে আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেন, সিরিয়ার পরিস্থিতি খারাপ থেকে ভয়াবহতার দিকে চলে যাচ্ছে। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় এই মুহূর্তে তাঁর পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনাও নেই বলে মন্তব্য করেন ব্রাহিমি।সিরিয়ায় শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনা নথিবদ্ধ করেছে সেভ দ্য চিলড্রেন। বিশেষ করে গত ১৮ মাসে দেরা শহরে শিশুদের গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়টি ভালোভাবে নথিবদ্ধ করে সংস্থাটি। তাদের প্রতিবেদনে বলা হয়, ১৫ বছরের এক শিশুকে বন্দী করে রাখা হয়েছিল। সে সময় তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। অন্য একজন জানায়, তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পচন ধরে যাওয়া লাশের সঙ্গে একই কক্ষে থাকতে বাধ্য করা হয়। ১৬ বছর বয়সি ওয়ায়েল জানায়, সে নির্যাতন ও খাবার না দেওয়ার কারণে ছয় বছরের এক শিশুকে মারা যেতে দেখেছে। ওয়ায়েল বলে, ‘শিশুটি তিন দিন বেঁচে ছিল। তার ওপর এমনভাবে নির্যাতন করা হয়েছিল, যেন সে মানুষ নয়, কুকুর।’ সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র ক্যাট কার্টার বলেন, ‘আমি শিশুদের কাছ থেকে নির্যাতনের যেসব ঘটনা শুনেছি, তা সত্যিকার অর্থেই আতঙ্কিত হওয়ার মতো। এই শিশুদের দিয়ে লাশ সরিয়ে ফেলার মতো কাজও করানো হয়েছে।’ প্রতিবেদনে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে দেশটিতে জাতিসংঘের উপস্থিতি বৃদ্ধি করে এসব ঘটনা নথিবদ্ধ করার আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। বিবিসি।