সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে কাজ শুরু করলেন ব্রাহিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি কাজ শুরু করেছেন। আরব লিগের কয়েকজন কর্মকর্তা ও মিসরের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গতকাল সোমবার তিনি বৈঠক করেন।মিসরে অবস্থানকালে দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর, আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে গতকাল বৈঠক করেন ব্রাহিমি। এরপর তাঁর দামেস্কে যাওয়ার কথা। ব্রাহিমির আগে এ পদে দায়িত্ব পালন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। সিরিয়ায় বাশার আল-আসাদ ও তাঁর বিরোধীদের মধ্যে প্রায় দেড় বছর ধরে সহিংসতা চলছে। সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদের এক সিদ্ধান্তের প্রতিবাদে আনান পদত্যাগ করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্রাহিমি এ ক্ষেত্রে কতটা সফল হবেন, তা নিয়ে বিশ্লেষকদের সংশয় রয়েছে। আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্রাহিমি ইতিমধ্যে বলেছেন, সিরিয়ার পরিস্থিতি ‘ভয়াবহ’ ও ‘বিপর্যয়কর’।সিরিয়া মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থার (এসওএইচআর) তথ্য মতে, সিরিয়ায় গত বছরের মার্চে গণবিক্ষোভ ও সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২৭ হাজার মানুষ নিহত হয়েছে। তবে জাতিসংঘের হিসাবে, সেখানে ওই সময়ের মধ্যে নিহত ব্যক্তিদের সংখ্যা ২০ হাজার।আলেপ্পোয় বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা: আলেপ্পো এলাকায় বিদ্রোহীদের ঘাঁটিতে বাশার বাহিনী গতকাল বিমান হামলা চালিয়েছে। উত্তরাঞ্চলীয় ওই শহরে বিদ্রোহীদের হামলায় সেনাসদস্যসহ অন্তত ২৭ জন নিহত হওয়ার এক দিন পর এ হামলা চালানো হয়। বিমান হামলায় অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। এএফপি।