সিরিয়ায় শিশুরাও নির্যাতনের শিকার হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ১৩ বছরের শিশুরাও সরকারি বাহিনীর নির্যাতনের বিশেষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সংস্থাটি তার প্রতিবেদনে আটক কেন্দ্রে শিশু নির্যাতনের ১২টি সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, এ ধরনের নির্যাতনের আরও অনেক ঘটনা রয়েছে।সংস্থাটির শিশু অধিকারবিষয়ক পরিচালক লুইস হুইটম্যান বলেন, বিভিন্ন ঘটনা থেকে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী যেভাবে প্রাপ্তবয়স্কদের ওপর নির্যাতন চালিয়েছে, ঠিক একইভাবে শিশুদের ওপরও নির্যাতন চালিয়েছে।প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে আটক শতাধিক লোক আটক কেন্দ্রে তাঁদের ওপর নির্যাতনের বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, নির্যাতনের হাত থেকে শিশুরাও বাদ পড়েনি। এমনকি প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে ১২টি ঘটনার উল্লেখ রয়েছে। এ ছাড়া প্রতিবেদনে শিশুদের ওপর নির্যাতনের আরও অনেক ঘটনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের কাছে অভিযোগ এসেছে, নির্জন স্থানে আটক শিশুদের (যাদের কারও কারও বয়স মাত্র ১৩ বছর) নির্মমভাবে পেটানো, বিদ্যুতের শক দেওয়া এবং সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনা রয়েছে। এ ছাড়া শিশুদের মেঝে থেকে কয়েক সেন্টিমিটার ওপরে ঘণ্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা হতো। ১৩ বছরের এক শিশুর বাবা-মা বলেন, বিক্ষোভে উসকানি এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুরসহ প্রেসিডেন্ট বাশার আল আসাদের ছবি পোড়ানোর অভিযোগে তাঁদের বাচ্চাকে গত ডিসেম্বরে নয় দিনের জন্য আটক রাখা হয়। শিশুটির বাবা-মার উদ্ধৃতি দিয়ে মানবাধিকার সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই শিশুটির ঘাড় এবং বাহুতে সিগারেটের আগুনের ছ্যাঁকা এবং তার সমস্ত শরীরে গরম পানি ঢেলে দেয়।নির্যাতনের শিকার এক শিশু বলেছে, গত মে মাসে আটক হওয়ার পর একটি সামরিক নিরাপত্তা শাখায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিন দিন নির্যাতন চালায়। এএফপি।