সিরিয়ায় সব পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ক্ষমতাসীন সরকার, বিরোধী পক্ষ, সশস্ত্র গোষ্ঠীসহ বিবদমান সব পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে চীন। পাশাপাশি চলমান সংকট নিরসনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের গণভোটের পরিকল্পনাকে সমর্থন করেছে দেশটি।সিরিয়া সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন বলেন, ‘সরকার, বিরোধী দল এবং অস্ত্রধারী সবার প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে চীন।’ তিনি জানান, চীনের অভিজ্ঞতা হচ্ছে স্থিতিশীলতা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।গতকাল শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন। এর আগে শুক্রবার তিনি ওই দেশ সফরে যান। সফরকালে তিনি সিরিয়ার বিরোধী দলের নেতাদের সঙ্গেও দেখা করেন। চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন সিরিয়া সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।বার্তা সংস্থাটি ঝাই জুনকে উদ্ধৃত করে বলেছে, ‘নিরীহ বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে চলা সব ধরনের সহিংস ঘটনার নিন্দা জানাচ্ছে চীন এবং তথাকথিত সরকার পরিবর্তনের নামে সামরিক হস্তক্ষেপের বিষয়টিও চীন অনুমোদন করবে না।’ গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ ও আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন। প্রস্তাব পাসের এক দিন পরই চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফরে যান।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সংকট সমাধানে প্রেসিডেন্ট আসাদের পরিকল্পনা অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের বিষয়টিকে চীন সমর্থন করছে।চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি সংবিধানের ওপর গণভোট এবং পার্লামেন্ট নির্বাচন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।’ এর আগে বুধবার প্রেসিডেন্ট আসাদ ঘোষণা করেন, ২৬ ফেব্রুয়ারি দেশে নতুন সংবিধানের ওপর গণভোট হবে। এরপর হবে পার্লামেন্ট নির্বাচন। তবে সিরিয়ার সরকারবিরোধী পক্ষ প্রেসিডেন্টের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে।বিক্ষোভ চলছেই: গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন কিশোর নিহত হওয়ার প্রতিবাদে গতকাল দামেস্কের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তুষারময় আবহাওয়া থাকা সত্ত্বেও অন্তত ৩০ হাজার মানুষ শোক সমাবেশে জড়ো হয়। রয়টার্স, এএফপি।