জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান হার্ভে ল্যাডসাস বলেছেন, সিরিয়ায় এখন সর্বাত্মক গৃহযুদ্ধ চলছে। সহিংসতার ঘটনা ক্রমশ তীব্র হচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়ার অধিকাংশ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছেন।গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ল্যাডসাস এসব কথা বলেন। সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তা বলতে পারি।’ জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা এই প্রথম সিরিয়া-পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করলেন।হার্ভে ল্যাডসাস বলেন, সিরিয়ার সরকার দেশটির অধিকাংশ শহরের ওপর তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। বেশ কিছু শহর বিরোধীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সরকার তা পুনরুদ্ধার করতে চাইছে।এদিকে সিরিয়া পরিস্থিতি প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আবারও রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, সিরিয়ার ক্ষমতাসীন সরকারকে সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে রাশিয়া। তবে গতকাল বুধবার হিলারির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থার একজন মুখপাত্র। তিনি দাবি করেন, জাতিসংঘের নীতিমালা মেনেই সিরিয়ায় অস্ত্র রপ্তানি করা হয়েছে। মুখপাত্র বলেন, নিরাপত্তা পরিষদের নির্দেশনা এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সিরিয়ায় অস্ত্র এবং সামরিক প্রযুক্তি সরবরাহ করা হয়নি।এদিকে ন্যাটোর প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন মনে করেন, সিরিয়া পরিস্থিতি মোকাবিলায় ‘সামরিক হস্তক্ষেপ’ কার্যকর ফল বয়ে আনবে না। সংকট মোকাবিলায় রাজনৈতিক সমাধানের পক্ষে তিনি। অস্ট্রেলিয়া সফরে গতকাল সাংবাদিকদের ন্যাটোর প্রধান বলেন, সিরিয়ায় বিদেশি সামরিক হস্তক্ষেপ সঠিক উপায় হতে পারে না। ৭২ জন নিহত: মঙ্গলবার সিরিয়াজুড়ে সহিংসতায় ৭২ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে সিরিয়াবিষয়ক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।লন্ডনভিত্তিক ওই মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে সরকারি বাহিনীর গুলিতে মারা গেছে ১৯ জন। এর মধ্যে ১৩ জনই নারী ও শিশু। এএফপি।