সিরিয়ায় সহায়তাপ্রার্থী শিশু ৫৫ লাখ
সিরিয়ায় দুর্দশাগ্রস্ত সহায়তাপ্রার্থী শিশুর সংখ্যা গত এক বছরে দ্বিগুণ হয়ে ৫৫ লাখে পৌঁছেছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
নতুন এক প্রতিবেদনে জানানো হয়, অবরুদ্ধ এলাকাসহ যেসব এলাকায় ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেন না, এসব এলাকায় ১০ লাখ শিশু বাস করে। সিরিয়ার শিশুদের প্রাণহানি ও অঙ্গহানি ঘটছে। একই সঙ্গে যুদ্ধের দামামা ও সহিংস ঘটনা তাদের ভীতিকর শৈশবের বাজে অভিজ্ঞতার মধ্যে ফেলছে।
জাতিসংঘের পরিসংখ্যান বলছে, তিন বছরের সহিংসতায় ১০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়ছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হয়। ৩০ লাখ শিশুর পড়াশোনা পুরোপুরি ব্যাহত হয়েছে। ৩০ লাখের বেশি শিশু সিরিয়ার ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে। পাঁচ বছরের কম বয়সী দুই লাখ ৬০ হাজার থেকে চার লাখ ২৫ হাজার শিশু শরণার্থী হিসেবে দেশের বাইরে মানবেতর জীবন কাটাচ্ছে।
আর্থিক কারণে অল্প বয়সে অনেক শিশু কাজে যোগ দিতে বাধ্য হয়। এমনকি অনেক মেয়েকে অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়া হয়। ১২ বছরের কম বয়সী ছেলেদের যুদ্ধের সহায়তাকারী হিসেবে নিয়োগ করা হয়। শৈশবের নানা ভীতিকর অভিজ্ঞতা থেকে মুক্ত করতে ২০ লাখ শিশুর কাউন্সিলিং প্রয়োজন।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ইউনিসেফের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। সিরিয়ায় সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে, এখানে শিশু ও অন্তঃসত্ত্বা নারী গুপ্তঘাতকের হাতে প্রাণ হারান।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেক বলেন, এই যুদ্ধ থামানো প্রয়োজন, যাতে বাড়ি ফিরে বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ করে পরিবার ও বন্ধুদের সঙ্গে এই শিশুরা নিরাপদে জীবন কাটাতে পারে।